পুবের কলম, বাদুড়িয়া: উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় মর্মান্তিক ঘটনা। ভোটার তালিকা সংক্রান্ত উদ্বেগের জেরে এক যুবকের আত্মহত্যার অভিযোগ উঠেছে। মৃতের নাম ইসমাইল মোল্লা, বয়স ৩৬। বৃহস্পতিবার সকালে পশ্চিম নাটুরিয়া এলাকার একটি বুথে এই ঘটনা ঘটে। পরিবারের দাবি, চূড়ান্ত ভোটার তালিকায় ইসমাইলের নামের পাশে ‘বিচারাধীন’ উল্লেখ থাকায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
ভোট ঘোষণার পর চারদিকে যখন নির্বাচনী পরিবেশ, তখন নিজের ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন তিনি।স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তিনি বাইরে বেরিয়েছিলেন। পরে জানতে পারেন, শুক্রবার অতিরিক্ত তালিকা প্রকাশ হতে পারে। সেই খবর পাওয়ার পরই বাড়ি ফিরে আসেন। পরিবারের অভিযোগ, বাড়িতে ফিরে স্বাভাবিকভাবেই ছেলেদের সঙ্গে কথা বলেন, তাঁদের আদরও করেন। তারপর নিজের ঘরে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
প্রতিবেশীদের কথায়, ইসমাইলের দুই ছেলে—একজনের বয়স আট বছর, অন্যজনের বয়স মাত্র দেড় বছর। পরিবারের দাবি, প্রয়োজনীয় নথি থাকা সত্ত্বেও নাম ‘বিচারাধীন’ থাকায় তিনি প্রবল মানসিক চাপে ছিলেন। সেই চাপই শেষ পর্যন্ত এই চরম সিদ্ধান্তে ঠেলে দেয়। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে ভোটার তালিকা সংক্রান্ত প্রক্রিয়া এবং তা ঘিরে সাধারণ মানুষের উদ্বেগ নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।