লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা সব ধরনের পরোক্ষ শান্তি আলোচনা স্থগিত করেছে ইরান। সোমবার দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, লেবাননে ইসরায়েলের সামরিক তৎপরতা এবং যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ তুলে ইরানের আলোচক দল মধ্যস্থতাকারীদের মাধ্যমে চলা সংলাপ ও নথি আদান-প্রদান আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তেহরানের দাবি, যুদ্ধবিরতি চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ছিল লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধ রাখা, কিন্তু সেই শর্ত মানা হয়নি।

ইরান জানিয়েছে, আলোচনা পুনরায় শুরু করতে হলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে।

এর মধ্যে রয়েছে গাজা ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা এবং লেবাননের দখলকৃত এলাকা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার।

অন্যদিকে, ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তাদের সামরিক অভিযান আরও জোরদার করেছে। ২০০০ সালে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের পর এই প্রথম এত গভীরে অভিযান চালানোর খবর সামনে এসেছে। সোমবার বৈরুতের দক্ষিণ উপশহরের বাসিন্দাদের সম্ভাব্য হামলার আগে এলাকা খালি করার সতর্কবার্তাও দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।

তাসনিম আরও দাবি করেছে, ইরান ও তার মিত্ররা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করা এবং বাব এল মান্দাবা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটে চাপ সৃষ্টি করার বিষয়েও প্রস্তুতি নিচ্ছে।