পুবের কলম ওয়েব ডেস্কঃ সফল হয়েছে আরজেডি সুপ্রিমো লালু প্রসাদের কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার। মেয়ে রোহিণীর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে লালুর শরীরে। জটিল অস্ত্রোপচারের পর দু’জনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন লালু পুত্র তেজস্বী যাদব। এদিন তিনি ট্যুইট করে জানিয়েছেন, বাবার কিডনি প্রতিস্থাপন  সংক্রান্ত অপারেশন সফল হয়েছে। বাবাকে অপারেশন থিয়েটার  থেকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়েছে।

এই নিয়ে একটি ভিডিয়োও শেয়ার করেছেন তেজস্বী। মানুষের আশীর্বাদ এবং প্রার্থনার জন্যেই বাবা সুস্থ হয়ে উঠছেন বলেও লিখেছেন তিনি।

দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। কিডনি সহ একাধিক সমস্যায় ভুগছিলেন তিনি। সেই মতো অক্টোবর মাসেই চিকিৎসার জন্যে সিঙ্গাপুরে গিয়েছিলেন লালুপ্রসাদ যাদব।

পুঙ্খানুপুঙ্খ  ভাবে পর্যবেক্ষণ করে  তাঁর কিডনি প্রতিস্থাপনের  জন্য পরামর্শ দেয় চিকিৎসকরা। এরপর  কিডনি দিতে এগিয়ে আসেন তাঁর দ্বিতীয় কন্যা রোহিণী। এই প্রসঙ্গে তেজস্বী জানিয়েছিলেন, পরিবারের অনেকেই কিডনি দিতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দিদির কিডনি ম্যাচ করেছিল।

উল্লেখ্য, এদিন অস্ত্রোপচার হওয়ার আগে রোহিনী আচার্য তাঁর নিজের এবং বাবা লালু প্রসাদের একটি ছবি ট্যুইট করেছিলেন।

মূলত দু’ জনেই ছিলেন হাসপাতালের পোশাকে। রোহিনী এদিন লেখেন, “রেডি টু রক।”  আবেগপ্রবণ বার্তাতে রোহিণী আরও লেখেন, আমি ভগবান দেখিনি। তবে ভগবানের মতো বাবাকে আমি দেখেছি। তাঁকে কিডনি দেওয়া আমার কাছে একান্তই সৌভাগ্যের।  বাবা মা তার আমার কাছে ভগবান তুল্য। তাদের জন্য সব কিছু করতে পারি আমি বলেও জানান রোহিণী।