পুবের কলম, ওয়েবডেস্ক: আজ ২৫শে বৈশাখ। বাঙালির আবেগ ও সংস্কৃতির প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী। এই বিশেষ দিনেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন। এই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে দেশ তথা রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কবিগুরুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার সকালে একটি ফেসবুক পোস্টের দেশবাসীকে রবীন্দ্রজয়ন্তীর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি কবিগুরুকে ভারতের সভ্যতার আলোকবর্তিকা হিসেবে বর্ণনা করে লিখেছেন, "আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ এই বিশেষ দিনে তাঁকে শ্রদ্ধা জানাই। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর একজন লেখক, চিন্তক এবং অত্যন্ত মেধাবী এক কবি।

পাশাপাশি তিনি একজন দার্শনিক, শিক্ষাবিদ এবং ভারতের সভ্যতার এক দৃঢ় কণ্ঠ। তাঁর মতাদর্শ আমাদের আলোকিত করুক।"

শপথ গ্রহণের প্রাক্কালে বাংলার মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন শুভেন্দু অধিকারীও। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, "কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি, মানবতাবাদী চিন্তাধারা ও দেশপ্রেম যুগে যুগে আমাদের পথ দেখিয়ে চলেছে। বাংলা সাহিত্য ও সংস্কৃতির আকাশে তিনি চির উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন।"