পুবের কলম ওয়েবডেস্ক :
আরও পড়ুন:
একদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন, তখন অন্যদিকে কালীঘাটের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী উদযাপন করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (৯ মে) সেখান থেকেই বিজেপির বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক জোট গঠনের আহ্বান জানান তিনি।
সদ্যপ্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বলেন, ‘চারদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। আমি সমস্ত রাজনৈতিক দল, ছাত্র-যুব সংগঠন ও এনজিওকে বলব, জোট বাঁধুন।
তিনি আরও বলেন, ‘বাম, অতিবাম, যে কোন জাতীয় দল, যে যেখানে আছেন, আসুন আমরা জোট বাঁধি। কেউ চাইলে আমার সঙ্গে কথা বলতে পারেন। বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত আমি অফিসে থাকব। আমাদের প্রথম শত্রু বিজেপি।’
তবে মমতার এই আহ্বান সরাসরি নাকচ করে দিয়েছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কটাক্ষ করে বলেছেন, ‘জীবন যখন শুকায়ে যায়, করুণাধারায় এসো।’
এদিকে শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর কলকাতা পুলিশের সরকারি এক্স (আগের টুইটার) অ্যাকাউন্টে পরিবর্তন লক্ষ্য করা যায়। সেখান থেকে আর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ফলো’ করা হচ্ছে না।
বর্তমানে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্ট যাদের অনুসরণ করছে, তাদের তালিকায় রয়েছেন- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, প্রধানমন্ত্রীর কার্যালয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার দপ্তর।
এরআগে আজ শনিবার সকালে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের দেড় দশকের শাসনের অবসান ঘটিয়ে প্রথম সরকার গঠন করে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরএন রবি। সকাল সাড়ে ১১টায় শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।