বিহার বিধানসভা নির্বাচনে জয়ের পরই মহিলাদের জন্য ঘোষিত ১০ হাজার টাকার প্রকল্প কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। ভোটের ঠিক আগে চালু হওয়া ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’-র আওতায় নতুন করে নাম নথিভুক্ত করার পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে প্রকল্পটিকে ঘিরে বিরোধীরা বিজেপি-জেডিইউ সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছে। বিধানসভা নির্বাচন ঘোষণার মাত্র ১০ দিন আগে প্রতিটি মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছিল শাসক এনডিএ।
ভোট চলাকালীন সময়েও অনুদান দেওয়া অব্যাহত ছিল। বিরোধীদের অভিযোগ সত্ত্বেও নির্বাচন কমিশন তাতে হস্তক্ষেপ করেনি। অভিযোগ, এই প্রকল্পের মাধ্যমে মহিলাদের ভোট নিজেদের পক্ষে টেনে নেয় শাসক জোট। কিন্তু নির্বাচন শেষ হতেই গত ৩১ ডিসেম্বর আবেদন জমা দেওয়ার পোর্টাল বন্ধ করে দেওয়া হয়।
যদিও ইতিমধ্যে ১ কোটি ৫৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অনুদান পৌঁছেছে এবং আরও ১৯ লক্ষ আবেদন জমা পড়েছিল। এ নিয়ে কংগ্রেসসহ বিরোধী দলগুলো সরব হয়েছে। কংগ্রেসের দাবি, ভোটের সময় সুবিধা দিয়ে পরে প্রকল্প বন্ধ করে বিজেপি-জেডিইউ সরকার সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। তৃণমূল কংগ্রেস ও বাম দলগুলিও এই সিদ্ধান্তকে ‘ভোটমুখী জুমলা’ বলে আক্রমণ করেছে। যদিও নীতীশ কুমার সরকারের সমবায় মন্ত্রী প্রমোদ কুমার দাবি করেছেন, প্রকল্প বন্ধ হয়নি, নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ায় আপাতত পোর্টাল বন্ধ রাখা হয়েছে। তাঁর মতে, এই প্রকল্পের সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই।