তানিয়া বাগচীঃ পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ের পর সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে শুক্রবার সকালে কলকাতায় পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সকাল প্রায় ১১টা ১০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান শাহ। ঢাকের বাদ্যি ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানান মহিলা কর্মীরাও।
আরও পড়ুন:
কলকাতায় পৌঁছেই দক্ষিণেশ্বর কালী মন্দিরে গিয়ে মা কালীর পুজো দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
এরপর তিনি একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বলে বিজেপি সূত্রে খবর। বিজেপি সূত্রে জানা গিয়েছে, বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ২০৭ জন নবনির্বাচিত বিজেপি বিধায়কের সঙ্গে বৈঠক করবেন শাহ। ওই বৈঠকেই পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা। বৈঠকে উপস্থিত রয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝিও। বিজেপি বিধায়ক দলের বৈঠকে নতুন মন্ত্রিসভার রূপরেখা নিয়েও আলোচনা হতে পারে।আরও পড়ুন:
শাহের সঙ্গে বিমানবন্দর থেকে ছিলেন রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার-সহ একাধিক শীর্ষ নেতা। বিজেপির বর্ষীয়ান নেতা ও রাজ্যসভার সাংসদ রাহুল সিনহা বলেন, “বাংলায় শান্তি প্রতিষ্ঠা করব। গণতন্ত্রের জয় প্রতিষ্ঠা করব। বাংলার মানুষ আমাদের সমর্থন করেছেন। পশ্চিমবঙ্গ শিল্প, পরিকাঠামো, মহিলাদের নিরাপত্তা—সব ক্ষেত্রেই দেশের সেরা রাজ্যে পরিণত হবে।
”আরও পড়ুন:
এদিকে, রাজ্যপাল আর এন রবি শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভা ভেঙে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছেন। আগামী শনিবার, ৯ মে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা। সেখানে দেশের ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে। শপথগ্রহণের পর বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ে প্রতীকী সফরে যেতে পারেন বলেও বিজেপি সূত্রে খবর। সংস্কারের কাজ শেষ না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী বিধানসভা ভবনের দফতর থেকেই প্রশাসনিক কাজ পরিচালনা করবেন বলে জানা গিয়েছে।