পুবের কলম ওয়েব ডেস্কঃ আগামীকাল শনিবার বিজেপি সরকারের নতুন মন্ত্রীদের শপথগ্রহণ হবে ব্রিগেডের ময়দানে। অনেক আগে থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এই অনুষ্ঠান ঘিরে নজর রয়েছে দিল্লির। কারণ এখানে শুধু রাজ্যের নতুন মন্ত্রিরাই থাকবেন না। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রের বিজেপি নেতৃত্ব। মহা সমারোহে অনুষ্ঠিত হতে চলেছে সেই শপথ পর্ব।
এছাড়াও থাকবেন অসংখ্য হেভিওয়েট। সেই উদ্দেশ্যে কড়া নিরাপত্তায় মোড়া থাকবে গোটা শহর। ফলে কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করা হবে। এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা পুলিশ।আরও পড়ুন:
কলকাতা ট্রাফিক পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, এসপ্ল্যানেড র্যাম্প, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্স ওয়েতে যান চলাচল নিয়ন্ত্রিত। কোন সময় থেকে যান চলাচল নিয়ন্ত্রণ হবে সেবিষয়েও জানানো হয়েছে পুলিশের তরফে।
পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার ভোর ৪ টে থেকে রাত ৮টা পর্যন্ত কলকাতা শহরে পণ্যবাহী যানবাহনের প্রবেশ ও চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আরও পড়ুন:
তবে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে সবজি, ওষুধ, দুধ, চিকিৎসা সামগ্রী এবং অক্সিজেন সরবরাহকারী যানবাহন। শুধু যান চলাচল নয়, শহরের একাধিক এলাকায় গাড়ি দাঁড় করানোর ক্ষেত্রেও কড়া বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের অংশ, খিদিরপুরমুখী রাস্তা, হসপিটাল রোড প্রভৃতি রাস্তায় কোনও ধরনের গাড়ি পার্কিং করা যাবে না বলে স্পষ্ট জানানো হয়েছে।
আরও পড়ুন:
শনিবারের এই অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র কৌতূহল তৈরি হয়েছে।
নতুন মুখ্যমন্ত্রীর পাশাপাশি কারা মন্ত্রীসভায় জায়গা পাচ্ছেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে মন্ত্রীদের নাম ঘোষণা করা হয়নি। স্বাধীনতার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পথে। ফলে শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিরও বিশেষ গুরুত্ব তৈরি হয়েছে।প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও দলের বহু শীর্ষ নেতা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। সেই কারণেই নিরাপত্তা ও যান নিয়ন্ত্রণে কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।