পুবের কলম, ওয়েবডেস্ক: শপথ গ্রহণের পর সোমবার নতুন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে বসেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দায়িত্ব নেওয়ার পরই রাজ্যের প্রশাসনিক কাঠামো ও জনকল্যাণে ৬টি বড়সড় পরিবর্তনের কথা ঘোষণা করলেন তিনি। এ দিন নবান্নে আয়োজিত এই বৈঠকের পর বাকি মন্ত্রীদের সঙ্গে নিয়ে সংবাদমাধ্যমের সামনে ক্যাবিনেটের সিদ্ধান্তগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী।

ক্যাবিনেটে সিদ্ধান্তগুলি:

১. বিগত বছরগুলোতে রাজনৈতিক হিংসার শিকার হওয়া ৩২১ জন বিজেপি কর্মীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

তিনি স্পষ্ট জানান, এই পরিবারগুলির বিচার সুনিশ্চিত করা এবং তাঁদের সম্পূর্ণ দায়িত্ব নেওয়া এখন থেকে রাজ্য সরকারের প্রাথমিক কর্তব্য।

২. সীমান্তে নিরাপত্তা জোরদার ও বিএসএফ-কে জমি
রাজ্য তথা দেশের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট। এতদিন ঝুলে থাকা বিএসএফ-এর জমি হস্তান্তর প্রক্রিয়াতে অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর প্রয়োজনীয় জমি হস্তান্তরের কাজ সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

৩. রাজ্যবাসীকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা দিতে পশ্চিমবঙ্গ সরকার এখন থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, উজালা যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও এবং বিশ্বকর্মা যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলি দ্রুত কার্যকর করার জন্য প্রয়োজনীয় চুক্তি সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

৪. প্রশাসনিক স্তরে বড় বদল এনে জানানো হয়েছে, এখন থেকে রাজ্যের IAS, IPS এবং WBCS অফিসাররা কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এতদিন এই অনুমোদনের ক্ষেত্রে যে বাধা ছিল, তা সরিয়ে অন্য রাজ্যগুলির মতো নিয়ম চালু করা হলো।

৫. আইনি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে রাজ্যে অবিলম্বে ভারতীয় ন্যায় সংহিতা (BNS) মেনে কাজ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে জাতীয় স্তরের নতুন ফৌজদারি আইন অনুযায়ী এখন থেকে এ রাজ্যের বিচার প্রক্রিয়া পরিচালিত হবে।

৬. রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সবথেকে বড় সুখবরটি দিয়েছেন মুখ্যমন্ত্রী। ২০১৫ সাল থেকে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সরকারি চাকরির পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমা ৫ বছর বাড়িয়ে দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরবর্তী ক্যাবিনেট মিটিং হবে আগামী সোমবার। সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ডিএ (DA) এবং বেতন কমিশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেই বৈঠকেই নেওয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।