পুবের কলম ওয়েব ডেস্কঃ  অনুপ্রবেশ নিয়ে প্রথম থেকেই জিরো টলারেন্স অবস্থান স্পষ্ট করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই অনুপ্রবেশ ইস্যু নিয়ে কড়া অবস্থান নেন শুভেন্দু অধিকারী। সীমান্তে কাঁটাতারের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের কথা ঘোষণা করেছিলেন। ঘোষণা করেছিলেন ৪৫ দিনের মধ্যে বিএসএফের হাতে জমি তুলে দেওয়া হবে।

এবার কথা মতোই কাজ করলেন মুখ্যমন্ত্রী। আজ বুধবার ২৭ কিলোমিটার জমি বিএসএফের হাতে তুলে দিলেন কাঁটাতার দেওয়ার জন্য। 

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই সীমান্তে কাঁটাতার দেওয়ার জন্য রাজ্যের কাছে জমি চেয়ে আসছে কেন্দ্র সরকার। কিন্তু, আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এর তীব্র বিরোধিতা করে।

এরফলে সেই প্রকল্প দীর্ঘদিন ধরেই আটকে থাকে। এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিএসএফের হাতে জমি তুলে দেওয়ার বিষয়ে উদ্যোগী হন। এদিন বিএসএফকে জমি হস্তান্তরের সময় মমতার সরকারকে নিশানা করে শুভেন্দু বলেন, বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে রাজ্যের কাছে আগেই জমি চেয়েছিল বিএসএফ। কিন্তু তোষণের রাজনীতির জন্য তা দেওয়া হয়নি।
 

এদিন নবান্নে মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনে ছিলেন বিএসএফের আধিকারিকও।মুখ্যমন্ত্রীর কথায়, বাংলায় এখনও ৬০০ কিমি সীমান্ত কাঁটাতারহীন অবস্থায় রয়েছে। তাঁর কথায়, ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত রয়েছে ৪ হাজার কিলোমিটার এরমধ্যে বাংলায় রয়েছে ২২০০ কিমি। তোষণের রাজনীতির জন্যই এতদিন জমি বিএসএফকে তুলে দেওয়া হয়নি। এদিন বিএসএফকে জমি হস্তান্তরের পর মুখ্যমন্ত্রী বলেন, সবেমাত্র শুরু হল। দ্রুত কাজ সম্পূর্ণ হবে এবং বিএসফকে সবরকমের সাহায্য করা হবে।