পুবের কলম ওয়েব ডেস্ক: বাংলায় নতুন সরকার গঠনের পর প্রায় তিন সপ্তাহ কেটে গেলেও এখনও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা ঘোষণা হয়নি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রশাসনিক কাজ শুরু করেছেন শুভেন্দু অধিকারী। তবে মন্ত্রিসভার সম্প্রসারণ না হওয়ায় রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছে। এরই মধ্যে রাজ্যের নতুন মন্ত্রীদের সম্ভাব্য তালিকা প্রায় চূড়ান্ত বলে খবর।

জানা গিয়েছে, দপ্তর বণ্টন এবং নতুন মুখদের দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই একাধিক দফায় উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে।

সেই বৈঠকেই সম্ভাব্য মন্ত্রীদের নাম নিয়ে আলোচনা অনেকটাই শেষ হয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সোম বা মঙ্গলবারের মধ্যেই নতুন মন্ত্রীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।

বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, আগামীকাল এবিষয়ে রাজধানী থেকে গুরুত্বপূর্ণ বার্তা ও অনুমোদন আসার সম্ভাবনা রয়েছে। তার পরেই সপ্তাহান্তে শীর্ষ নেতৃত্বের বৈঠক হতে পারে। সেখানে মন্ত্রিসভার চূড়ান্ত রূপরেখা, দপ্তর বণ্টন এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়টি নিয়ে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে।

এবারের মন্ত্রিসভায় নতুন প্রজন্মের প্রতিনিধিদের পাশাপাশি অভিজ্ঞ নেতাদেরও গুরুত্ব দেওয়া হতে পারে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সংগঠন ও প্রশাসনের মধ্যে সমন্বয় আরও মজবুত করতেই এই সম্প্রসারণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং শহরাঞ্চলের প্রতিনিধিত্বের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।
সব কিছু ঠিক থাকলে জুন মাসের প্রথম সপ্তাহেই নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে। ফলে নতুন মন্ত্রিসভাকে ঘিরে রাজ্য রাজনীতিতে এখন জোর চর্চা শুরু হয়েছে।

কারা জায়গা পাবেন, কার হাতে কোন দপ্তর যাবে—সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

উল্লেখ্য, গত ৯ মে রবীন্দ্রজয়ন্তীর দিন ব্রিগেডের সভা থেকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে আরও ৫ মন্ত্রীও শপথ নিয়েছিলেন। তবে সেই সময় পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করা হয়নি। তখনই শোনা গিয়েছিল খুব শীঘ্রই মন্ত্রিসভা সম্প্রসারণ হবে। প্রায় তিন সপ্তাহ পর এবার পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হতে চলেছে।