পুবের কলম ওয়েব ডেস্ক :
অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আম আদমি পার্টির সাতজন রাজ্যসভা সাংসদ দলত্যাগ করে বিজেপির সঙ্গে একটি পৃথক গোষ্ঠী হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দেওয়ার পর বিজেপি আবারও পাঞ্জাবের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।
এক্স-এ একটি পোস্টে কেজরিওয়াল বলেছেন, "বিজেপি আবারও পাঞ্জাবিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।"
এই দলত্যাগের ঘোষণা দেন রাঘব চাড্ডা, যিনি সন্দীপ পাঠক এবং অশোক মিত্তালের সঙ্গে উপস্থিত ছিলেন। চাড্ডা বলেন যে, আপ-এর প্রায় দুই-তৃতীয়াংশ রাজ্যসভা সাংসদ পদত্যাগ করেছেন এবং তাঁরা একসঙ্গেই দলত্যাগ করবেন।


পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, "যে সাতজন সাংসদ বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁরা পাঞ্জাবের প্রতিনিধিত্ব করেন না, তাঁরা দেশদ্রোহী। বিজেপিতেও তাঁরা কিছুই পাবেন না।"
আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, এই দলত্যাগ 'অপারেশন লোটাস'-এর অংশ এবং দলত্যাগকারী সাতজনকে পাঞ্জাবের মানুষ ক্ষমা করবে না।
আপের পাঞ্জাব শাখা বিজেপির বিরুদ্ধে দল বিভাজনের ষড়যন্ত্র করার অভিযোগ করেছে।

প্রধান মুখপাত্র বলতেজ পান্নু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম উল্লেখ করে বলেন, "আমাদের দলের কাছে খবর আছে যে অমিত শাহ রাঘব চাড্ডাকে বলেছেন, যদি তিনি সাতজন সাংসদকে ভাঙতে পারেন, তবে তাঁকে মন্ত্রী করা হবে।"
তিনি আরও বলেন, "আপ  ক্ষমতায় আসার পর থেকেই দলকে কে ভাঙার জন্য নিয়মিত চেষ্টা করা হয়েছে, তা সে আমাদের বিধায়কদের 'কেনার' চেষ্টা হোক বা হুমকি দেওয়া হোক... কিন্তু তাঁরা দৃঢ় ছিলেন, কারণ তাঁরা একটি লক্ষ্য নিয়ে দলে যোগ দিয়েছিলেন।"
তিনি অভিযোগ করেন,"যেখানেই নির্বাচন আসন্ন, বিজেপি সরকার রাজনৈতিক প্রতিপক্ষদের নিশানা করতে ইডি, সিবিআই-এর মতো সংস্থাগুলোকে ব্যবহার করে। ", 
বিজেপি এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করেছে। পাঞ্জাব বিজেপি নেতা বিনীত জোশী বলেন, "আপ এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছে।"