যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে আবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে আইডিএফ। এই হামলায় একদিনেই অন্তত ৪১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা।
শনিবার লেবাননের হাব্বুশ এলাকায় এই হামলা চালানো হয়। হামলার আগে ওই অঞ্চলের বাসিন্দাদের জোরপূর্বক এলাকা ছাড়ার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। এরপরই শুরু হয় ব্যাপক বোমাবর্ষণ।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত দুই মাস ধরে চলা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৫৯ জনে। আহত হয়েছেন ৮ হাজারেরও বেশি মানুষ। সংঘাতের তীব্রতায় সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।
এদিকে, পাল্টা জবাব দিতে সক্রিয় হয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, লেবানন ভূখণ্ডে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ঘাঁটিকে লক্ষ্য করে তারা আত্মঘাতী ড্রোন ও কামানের গোলা নিক্ষেপ করেছে।

শনিবার (২ মে) থেকে শুরু হওয়া এই অভিযানে ইসরায়েলের বড় ধরনের ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে তারা, যদিও স্বাধীনভাবে সেই দাবি যাচাই করা যায়নি।

অন্যদিকে, চলমান সংঘাত থামাতে কূটনৈতিক তৎপরতাও জোরদার হচ্ছে। ইরান একটি ১৪ দফা প্রস্তাব দিয়েছে, যেখানে লেবাননসহ বিভিন্ন রণাঙ্গনে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলা শুরু হওয়ায় মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। সংঘাত যদি দ্রুত নিয়ন্ত্রণে না আনা যায়, তবে তা বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।