দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্কের আবহে সিবিএসই-এর চেয়ারম্যান রাহুল সিং এবং সচিব হিমাংশু গুপ্তাকে অপসারণ করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি গোটা ঘটনার তদন্তে একটি উচ্চপর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে। মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।

বোর্ড পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অন-স্ক্রিন মার্কিং (ওএসএম) পদ্ধতি চালুর পর থেকেই নানা অনিয়ম ও প্রযুক্তিগত ত্রুটির অভিযোগ সামনে আসে। সিবিএসই ইতিমধ্যেই এই পদ্ধতিতে কিছু বিভ্রাটের কথা স্বীকার করেছিল।

পাশাপাশি পরীক্ষার্থীদের উত্তরপত্রের নিরাপত্তা ও মূল্যায়নের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠতে থাকে।

প্রথমদিকে কেন্দ্রীয় সরকার বোর্ডের পাশে থাকলেও ক্রমবর্ধমান সমালোচনা ও অভিভাবক-শিক্ষার্থীদের উদ্বেগের মুখে শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। জানা গিয়েছে, চেয়ারম্যান রাহুল সিং সিবিএসই-র সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা মন্ত্রকের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে ছিলেন। বিতর্কের জেরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সচিব হিমাংশু গুপ্তার ক্ষেত্রেও।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রথমবার পরীক্ষার মূল্যায়নে অন-স্ক্রিন মার্কিং ব্যবস্থা চালু করেছিল সিবিএসই। তবে সেই সময় প্রযুক্তিগত সমস্যার অভিযোগ ওঠায় পরবর্তী বছরগুলোতে এই পদ্ধতি আর ব্যবহার করা হয়নি। প্রায় ১২ বছর পর ২০২৬ সালে ফের ওএসএম পদ্ধতি চালু করা হয়েছিল। আর সেই সিদ্ধান্তকে ঘিরেই নতুন করে বিতর্কের সূত্রপাত হয়।

এখন তদন্ত কমিটির রিপোর্টের দিকে নজর শিক্ষামহলের। মূল্যায়ন প্রক্রিয়ায় ঠিক কী ধরনের ত্রুটি ঘটেছে এবং তার জন্য কারা দায়ী, তা খতিয়ে দেখা হবে বলে জানা গেছে।