পুবের কলম ওয়েবডেস্কঃ ত্রিপুরায় ভোট প্রচারে গিয়ে উত্তাপ বাড়ালেন রাজ্যের  মন্ত্রী ফিরহাদ হাকিম। সোনামুড়ার সভায় ফিরহাদ বলেন “এখানে আমাকে  একটা মারলে ওখানে গিয়ে পাঁচটা মারব।’’

বিপ্লব দেবকে কুয়োর ব্যাং বলে   কটাক্ষ করে তিনি বলেন “  বিপ্লব দেব আসলে কুয়োর ব্যাঙ, ও ভাবে কুয়োটাই ওর পৃথিবী।

এর পরেই তিনি বলেন “এখানে আমাকে একটা মারলে ওখানে পাঁচটা মারব” । এর পর অবশ্য তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রে বিশ্বাসী।

তিনি বিশ্বাস করেন সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নাই। তাই মানুষের সমর্থন নিয়েই ভোটে জিতবে তৃণমূল।

আসলে জোড়াফুল শিবির যে ত্রিপুরাতে বিজেপিকে একইঞ্চিও জমি ছাড়বেনা লড়াই হবে সমানে সমানে  সেই কথা বুঝিয়ে দিলেন ফিরহাদ।

পুরভোটের প্রচারের  শেষলগ্নে ত্রিপুরা উত্তপ্ত। ক্রমাগত বিরোধীদের উপর হামলার অভিযোগ উঠেছে শাসক বিজেপির বিরুদ্ধে।

বিরোধী নেতাদের আক্রমণ, গাড়ি ভাঙচুর, ঘেরাও, বিরোধী কর্মীদের মারধরের মতো ঘটনা  ঘটে চলেছে নিত্যনৈমিত্তিক। পশ্চিমবঙ্গের  প্রথম সারির নেতানেত্রীরাও ছাড় পাচ্ছেন না। শনিবারও তৃণমূল নেতা বাবুল সুপ্রিয়কে আক্রান্ত হতে হয়েছে রামনগর ফাঁড়ি এলাকায়।   

অভিযোগ বাবুলের গাড়ি ঘিরে ধরে স্লোগান দেয় বিজেপির কর্মী সমর্থকরা। শেষ পর্যন্ত পুলিশের সাহায্যে এলাকা ছাড়েন বাবুল।