পুবের কলম, ওয়েবডেস্ক: পর্যটনপ্রেমী মানুষের জন্য সুখবর। এবার ভিসা ছাড়াই মালয়েশিয়ায় প্রবেশ করা যাবে। এমনটাই জানিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম। রবিবার রাতেই এই ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
এই পদক্ষেপের পিছনে মালয়েশিয়া সরকারের উদ্দেশ্য হল দেশের পর্যটন শিল্পকে আরও উন্নত করা৷ ঘোষনা অনুযায়ী মালয়েশিয়ায় ভারতীয়রা সর্বোচ্চ একমাস থাকতে পারবে। এই নিয়ম কার্যকরী হতে চলেছে আগামী ১ ডিসেম্বর থেকে। তবে ভারতের পাশাপাশি চিনা নাগরিকদের জন্য এই একই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম।আরও পড়ুন:
অর্থাৎ, ভারতীয়দের মতো চিনের নাগরিকদেরও মালয়েশিয়ায় থাকতে কোনও ভিসা লাগবে না।
তারাও বিনা ভিসায় মালয়েশিয়ায় একমাস পর্যন্ত থাকার সুযোগ পাবেন। ২৫টি দেশে ভারতীয়রা ভিসা ছাড়াই প্রবেশের সুযোগ পান। এই দেশগুলির বেশিরভাগই এশিয়া এবং আফ্রিকায় অবস্থিত, আবার কিছু দ্বীপ দেশ।আরও পড়ুন:
ভারতীয়দের ভিসা-মুক্ত প্রবেশের প্রস্তাব দেওয়া দেশগুলির তালিকায় রয়েছে থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা।
সেই তালিকায় এবার সংযোজন হল মালয়েশিয়ার নাম। উল্লেখ্য, দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন বান্ধব দেশ হল মালয়েশিয়া। সেদেশের অর্থনীতিরও একটা বড় অংশ নির্ভরশীল পর্যটনের ওপর। বিদেশের বহু মানুষের অন্যতম প্রিয় জায়গা হল মালয়েশিয়া। প্রতি বছর বহু মানুষ মালয়েশিয়ায় ঘুরতে যান। আশা করা যাচ্ছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর এই উদ্যোগ আগামীদিনে পর্যটনকে আরও উন্নত করবে।