দীর্ঘ ৮৭ দিন পর অবশেষে ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের অবসান ঘটতে চলেছে। দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পুনরায় পূর্ণাঙ্গ ইন্টারনেট পরিষেবা চালুর জন্য যোগাযোগ মন্ত্রণালয়কে আনুষ্ঠানিক নির্দেশ দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

সরকারি সূত্রের দাবি, সম্প্রতি ইরানের ‘সুপ্রিম কাউন্সিল অব সাইবারস্পেস’-এর এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দেওয়া হয়।

ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফের সভাপতিত্বে হওয়া ওই বৈঠকে প্রেসিডেন্টের সিদ্ধান্ত অনুমোদিত হয়।

তবে ঠিক কবে থেকে এবং কোন ধাপে দেশজুড়ে সম্পূর্ণ ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনও বিস্তারিত জানানো হয়নি।

আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, গত প্রায় তিন মাস ধরে ইরানের সাধারণ মানুষ কার্যত বিশ্ব ইন্টারনেট ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন ছিলেন। সীমিত সংখ্যক মানুষ অত্যন্ত ব্যয়বহুল ও উন্নত প্রযুক্তিনির্ভর ভিপিএন ব্যবহার করে বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সক্ষম হন।

চলতি বছরের ৮ জানুয়ারি সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর প্রথম দফায় দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় ইরান প্রশাসন। পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর দ্বিতীয় দফায় আরও কঠোরভাবে ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর করা হয়।

দীর্ঘ এই ডিজিটাল অবরোধের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা-বাণিজ্য এবং আন্তর্জাতিক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছিল বলে অভিযোগ উঠেছিল বিভিন্ন মহলে। এখন ইন্টারনেট পরিষেবা পুনরায় চালুর সিদ্ধান্তে স্বস্তির আশা দেখছেন ইরানের নাগরিকরা।