হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণের কথা পুনর্ব্যক্ত করে ওই জলপথ দিয়ে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর জন্য কঠোর সতর্কবার্তা জারি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তর খাতাম আল-আম্বিয়া জানিয়েছে, প্রণালি ব্যবহার করতে হলে নির্ধারিত সব নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে, অন্যথায় অনাকাঙ্ক্ষিত ও গুরুতর পরিণতির মুখোমুখি হতে হতে পারে সংশ্লিষ্ট জাহাজগুলোকে।
আরও পড়ুন:
শনিবার (৩০ মে) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, হরমুজ প্রণালির সার্বিক ব্যবস্থাপনা বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধীনে পরিচালিত হচ্ছে। ফলে বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকারসহ সব ধরনের নৌযানকে নির্ধারিত রুট অনুসরণ করে চলাচল করতে হবে।
আরও পড়ুন:
বিবৃতিতে আরও বলা হয়েছে, যাত্রা শুরুর আগে জাহাজগুলোকে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি নিতে হবে। কোনো জাহাজ এসব নির্দেশনা বা বিধিনিষেধ অমান্য করলে তাদের নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
আরও পড়ুন:
একই সঙ্গে হরমুজ প্রণালি এলাকায় অবস্থানরত বিদেশি সামরিক বাহিনীগুলোর প্রতিও কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরান স্পষ্ট করে জানিয়েছে, সামুদ্রিক চলাচল বা প্রণালির ব্যবস্থাপনায় হস্তক্ষেপের যেকোনো প্রচেষ্টার জোরালো জবাব দেওয়া হবে।
আরও পড়ুন:
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালি ঘিরে এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছে।