পুবের কলম, ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর উইলসন গার্ডেন এলাকায় এক ভয়াবহ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৫০ হাজার টাকা তোলা না দেওয়ায় এক মেকানিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। সূত্রের খবর, রবিবার ওই মেকানিক তাঁর ছোট সন্তানদের সামনেই নৃশংস হামলার শিকার হন। নিহত ব্যক্তির নাম রশিদ পাশা (৪৫)।

তিনি পেশায় জিপ মেকানিক ছিলেন।
 
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রশিদ ওই এলাকায় একটি দোকান তৈরি করছিলেন। দোকানের নির্মাণকাজ চলাকালীন ওই এলাকারই তিন দুষ্কৃতী তাঁর কাছে ৫০ হাজার টাকা তোলা দাবি করে। রশিদ সেই টাকা দিতে অস্বীকার করলে দুষ্কৃতীদের সঙ্গে তাঁর বচসা বাঁধে। রবিবার সকাল থেকেই দফায় দফায় টাকা আদায়ের চাপ সৃষ্টি করছিল দুষ্কৃতীরা।
এরপর রাত ৯টা নাগাদ রশিদ যখন বড় মাকান রোডের কাছে ছিলেন, তখন ওই তিন দুষ্কৃতী ব্যাট এবং বাঁশের লাঠি নিয়ে তাঁর ওপর চড়াও হয়। ডেপুটি কমিশনার অফ পুলিশ (সেন্ট্রাল ডিভিশন) অক্ষয় মচিন্দ্রা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তোলাবাজির বিষয়টিই উঠে আসছে। পুলিশ এই ঘটনায় একটি খুনের মামলা রুজু করেছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
 
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, আক্রমণের সময় রশিদের সঙ্গে তাঁর ছোট সন্তানরাও উপস্থিত ছিল। অসহায় শিশুদের সামনেই রশিদকে বেধড়ক মারধর করা হয়। স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।