পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যে চলতে থাকা রেল ও মেট্রো প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি চিংড়িঘাটার মেট্রো প্রকল্পের জট কাটার পরেই এই বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল। আগামী ৬ জুন রাজ্যে আসার কথা রয়েছে রেলমন্ত্রীর। তার আগে প্রকল্পগুলির বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হল নবান্নে।

বৈঠকে রাজ্যের বিভিন্ন প্রান্তে চলা রেল প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন রেলের বিভিন্ন বিভাগের শীর্ষ আধিকারিকরা। কোন প্রকল্প কোথায় পৌঁছেছে, কোথায় কী বাধা রয়েছে এবং কীভাবে দ্রুত সেই সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়।

নবান্ন সূত্রে খবর, জমি সংক্রান্ত জট বা অন্য কোনও প্রশাসনিক সমস্যার কারণে যাতে আর কোনও কাজ থমকে না থাকে, সে বিষয়ে রাজ্যের তরফে স্পষ্ট আশ্বাস দেওয়া হয়েছে।

প্রতিটি প্রকল্পে কোথায় কী সমস্যা রয়েছে, সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্যও রেল কর্তৃপক্ষের কাছ থেকে চাওয়া হয়েছে। একই সঙ্গে মেট্রো সম্প্রসারণের কাজ আরও দ্রুত শেষ করার ওপরও জোর দেওয়া হয়েছে।

রাজ্যে সরকার গঠনের পর থেকেই কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে উন্নয়নমূলক কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বারবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, অতীতে যে সব প্রকল্প দীর্ঘদিন আটকে ছিল, সেগুলির কাজ এখন নতুন করে শুরু হয়েছে।

সাধারণ মানুষের সুবিধার জন্য বহু গুরুত্বপূর্ণ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দিকেই নজর দেওয়া হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, দীর্ঘদিন ধরে আটকে থাকা চিংড়িঘাটার মেট্রো প্রকল্পের জট সম্প্রতি কেটেছে। প্রায় দেড় বছর ধরে থমকে থাকা সেই কাজে ফের গতি এসেছে। অল্প সময়ের মধ্যেই দু’দফায় লাইনের সংযোগের কাজও সম্পূর্ণ হয়েছে। প্রশাসনের আশা, চলতি বছরের শেষের মধ্যেই ওই পথে মেট্রো পরিষেবা চালু করা সম্ভব হবে। এই বৈঠকে রাজ্যের অন্য কোনও রেল বা মেট্রো প্রকল্প একই ধরনের সমস্যায় আটকে রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হয়েছে।