রাজ্যের প্রথম বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আগামী ২২ জুন। তার আগে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। জানা গিয়েছে, ১৮ জুন থেকে শুরু হবে রাজ্য বাজেট অধিবেশন। নিয়ম মেনে রাজ্যপালের ভাষণের মধ্য দিয়েই শুরু হবে অধিবেশনের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার বিধানসভায় এসে বাজেট অধিবেশন নিয়ে স্পিকার রথীন্দ্রনাথ বসু-র সঙ্গে প্রাথমিক আলোচনা সারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


সূত্রের খবর, বুধবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে বাজেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকতে পারেন। সরকার গঠনের পর এটাই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হওয়ায় স্বাভাবিকভাবেই রাজ্যবাসীর প্রত্যাশা তুঙ্গে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বাজেটে থাকতে পারে একাধিক জনমুখী ঘোষণা। কর্মসংস্থান, কৃষি, শিল্প, পরিকাঠামো, মহিলাদের আর্থিক সহায়তা এবং যুবকদের জন্য নতুন প্রকল্প— এসব ক্ষেত্রেই বড়সড় চমক দিতে পারে সরকার।
নির্বাচনের আগে দেওয়া একাধিক প্রতিশ্রুতি বাস্তবায়নের রূপরেখাও বাজেটের মাধ্যমে তুলে ধরা হতে পারে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে তৎকালীন তৃণমূল সরকার অন্তর্বর্তীকালীন বাজেটে ‘যুবসাথী’-সহ একাধিক প্রকল্পের ঘোষণা করেছিল। সেই সময় মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এবার রাজ্যের ক্ষমতায় নতুন সরকার। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই আলোচনায় উঠে এসেছেন শুভেন্দু অধিকারী।
এখন নজর ২২ জুনের দিকে। বাংলার মানুষের প্রত্যাশা, নতুন সরকার তাদের জন্য কী নতুন উপহার নিয়ে আসে এবং আগামী দিনের উন্নয়নের রূপরেখা কীভাবে তুলে ধরে, সেটাই দেখার।