পুবের কলম ওয়েবডেস্কঃ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর বিরুদ্ধে রিজেন্ট পার্ক থানায় এফআইআর দায়ের করল আর্টিস্ট ফোরাম। শুক্রবার রাতেই সংগঠনের তরফে জানানো হয়েছিল যে এই বিষয়ে আইনি পদক্ষেপ করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী শনিবার দুপুর দু’টো নাগাদ থানায় পৌঁছন আর্টিস্ট ফোরামের একাধিক সদস্য।এদিন থানায় উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, লাবণী সরকার, পায়েল সরকার-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। পরে সেখানে পৌঁছন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও।
গত ২৯ মার্চ রবিবার ওড়িশার তালসারির সমুদ্রসৈকতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীনই মৃত্যু হয় রাহুল বন্দ্যোপাধ্যায়ের। ঘটনার প্রকৃত কারণ জানতে ১ এপ্রিল প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কাছে বিস্তারিত ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছিল আর্টিস্ট ফোরাম। বৃহস্পতিবার সেই চিঠির উত্তর দিলেও তাতে সন্তুষ্ট হয়নি সংগঠনটি।এরপর পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসেন আর্টিস্ট ফোরামের সদস্যরা। সেই বৈঠক থেকেই অভিনেতার মৃত্যুর কারণ খতিয়ে দেখতে থানায় অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন:
শনিবার রিজেন্ট পার্ক থানায় উপস্থিত ছিলেন আর্টিস্ট ফোরামের কোষাধ্যক্ষ বাসবদত্তা চট্টোপাধ্যায়ও। তিনি জানান, রাহুলের এই অস্বাভাবিক মৃত্যুর প্রকৃত কারণ জানতে তারা পুলিশের দ্বারস্থ হয়েছেন। তাঁর কথায়, এফআইআর করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং তদন্ত শুরু হলে ঘটনার আসল কারণ সামনে আসবে বলেই আশা করছেন তাঁরা।অন্যদিকে, অভিনেতার স্মৃতিকে সম্মান জানাতে শনিবার টেকনিশিয়ান স্টুডিয়ো থেকে রাধা স্টুডিয়ো পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে। সেই পদযাত্রায় অংশ নেবেন রাহুল বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী ও ইন্ডাস্ট্রির বহু শিল্পী-প্রযুক্তিবিদ।