পুবের কলম ওয়েব ডেস্কঃ পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে রাষ্ট্রসংঘের সম্মেলনে একটি যৌথ ঘোষণাপত্র গৃহীত হওয়ার প্রক্রিয়ায় বাধা দিয়েছে রাশিয়া। পরমাণু অস্ত্রের বিস্তার রোধে যে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি রয়েছে তাতে স্বাক্ষরকারী ১৯১টি দেশ প্রতি পাঁচ বছর অন্তর চুক্তিটি পর্যালোচনা করে দেখে যে পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকাতে তা যথেষ্ট কিনা।
আরও পড়ুন:
নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে আয়োজিত সম্মেলনে চুক্তি পর্যালোচনার পর নতুন যে খসড়া বয়ান তৈরি করা হয়েছে তাতে আপত্তি জানিয়েছে রাশিয়া। ইউক্রেনের পরমাণু কেন্দ্র, বিশেষ করে জাপোরিঝিয়ার পারমাণবিক কেন্দ্রের আশপাশে চলা সামরিক তৎপরতা নিয়ে খসড়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করা হয়েছে। শেষবার এই চুক্তি পর্যালোচনা করা হয় ২০১৫ সালে এবং তখনও অংশগ্রহণকারী দেশগুলো ঐক্যে পৌঁছতে ব্যর্থ হয়েছিল।
আরও পড়ুন:
পরবর্তী পর্যালোচনা হওয়ার কথা ছিল ২০২০ সালে, কিন্তু মহামারির কারণে তা অনুষ্ঠিত হতে পারেনি। সেই বৈঠক অনুষ্ঠিত হল নিউ ইয়র্কে। পয়লা অগাস্ট থেকে শুরু হয়ে চার সপ্তাহ ধরে এই সম্মেলন চলার পর একটি যৌথ ঘোষণাপত্রে একমত হতে ব্যর্থ হয়েছে প্রতিনিধি দেশগুলো। অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ওয়ং বলেছেন মতৈক্যে পৌঁছতে এই ব্যর্থতায় তিনি ‘গভীরভাবে আশাহত’। আমেরিকাও হতাশ হয়েছে।
আরও পড়ুন:
কিন্তু রাশিয়ার আপত্তি ঠিক কী নিয়ে? ইউক্রেনে যুদ্ধের গোড়ার দিকেই রাশিয়া জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রটির দখল গ্রহণ করে। আর এই চুক্তির খসড়ায় মন্তব্য করা হয়েছে, ‘এখানে সামরিক তৎপরতার কারণে এই স্থাপনাগুলোর নিয়ন্ত্রণ দক্ষ ইউক্রেনীয় কর্তৃপক্ষের হাতছাড়া হয়ে গেছে, যার ফলে এগুলোর নিরাপত্তার ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে।’ এ নিয়েই ক্ষুব্ধ রাশিয়া। বৈঠকে রুশ প্রতিনিধি ইগর ভিশেনেভেৎস্কি বলেছেন খসড়ার চূড়ান্ত বয়ানে ‘নিরপেক্ষতা’র অভাব রয়েছে।
আরও পড়ুন: