পুবের কলম, ওয়েবডেস্কঃ সামনের বছরই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। এখন থেকেই আর সময় নষ্ট করতে নারাজ গেরুয়া শিবির। এখন থেকেই প্রচারে ঝাঁপাতে চায় তারা। বাদ নেই বিজেপির ‘স্ট্যার ক্যাম্পেনার’রাও। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৪ সেপ্টেম্বর থেকে পুরোদমে রাজনৈতিক প্রচারে নামতে চলেছেন বলে পদ্মশিবির সূত্রে খবর।
আরও পড়ুন:
৫ রাজ্যের মধ্যে বিজেপির আলাদা করে নজর থাকবে যোগী আদিত্যনাথ শাসিত উত্তরপ্রদেশে। করোনা মোকাবিলায় ব্যর্থতা, গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দেওয়া সহ একাধিক অভিযোগে যোগী সরকারের ভাবমূর্তি অনেকটাই ক্ষুন্ন। তাই গো-বলয়ের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ। বিজেপি যে উত্তরপ্রদেশ নির্বাচনকে মোটেই হালকাভাবে নিচ্ছে না তা স্পষ্ট খোদ প্রধানমন্ত্রীর দ্রুত নির্বাচনী প্রচারে নামা থেকেই। তাছাড়া ২০২৪ লোকসভা ভোটের আগে বিজেপির সব থেকে বড় পরীক্ষা এই উত্তরপ্রদেশই।
আর তাই সময় নষ্ট না করেই যোগী রাজ্যে প্রচারে ঝাঁপাচ্ছেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, ১৪ সেপ্টেম্বর থেকেই প্রচার শুরু করে দেবেন তিনি।আরও পড়ুন:
২০২১ সালে ৫ রাজ্যে বিধানসভা ভোটে ভাল ফল হয়নি বিজেপির। বিজেপি সবথেকে বড় ধাক্কা খেয়েছে বাংলায়। তামিলনাড়ুতে সরকার গড়েছে অ-বিজেপি দল ডিএমকে।
তাই উত্তরপ্রদেশই এখন ‘পাখির চোখ’ বিজেপির। ১৪ সেপ্টেম্বর আলিগড়ে রাজা মহেন্দ্র সিং স্টেট বিশ্ববিদ্যালয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রীর। সেই অনুষ্ঠান থেকেই উত্তরপ্রদেশে ভোটের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী। সেইমতো ওই দিনই আলিগড়ে রাজনৈতিক সভাও করবেন তিনি। এরপর ২৬ সেপ্টেম্বর লখনউতে যাবেন প্রধানমন্ত্রী। আর নভেম্বরে দীপাবলির সময় অযোধ্যায় যাওয়ার কথা তাঁর। সেখানে গিয়ে তিনি হিন্দুত্বের ফোয়ার ছোটাবেন বলে খবর।