পুবের কলম, ফরাক্কা: ভরা জনসভা থেকে কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদলালেন ফরাক্কার ‘বিক্ষুব্ধ’ বিধায়ক মনিরুল ইসলাম। শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে দলীয় প্রার্থীর সমর্থনে নামার সিদ্ধান্ত নিলেন তিনি।
সোমবার নিজেই মনিরুল ইসলাম জানান, দলনেত্রীর নির্দেশ মেনে তিনি আর আলাদা করে নির্বাচনী লড়াইয়ে থাকছেন না। বরং ফরাক্কায় তৃণমূল কংগ্রেস প্রার্থী আমিরুল ইসলাম-এর হয়ে প্রচারে অংশ নেবেন।
উল্লেখ্য, ২০২১ সালে ফরাক্কা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মনিরুল ইসলাম। তবে এবারের নির্বাচনে তাঁকে টিকিট না দিয়ে দল নতুন মুখ হিসেবে আমিরুল ইসলামকে প্রার্থী করে। তাতেই ক্ষোভ প্রকাশ করে প্রথমে নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের সিদ্ধান্ত নেন মনিরুল। পরিস্থিতি আরও জটিল হয় যখন কংগ্রেস প্রার্থী মহম্মদ মাহাতাব শেখের মনোনয়ন এসআইআর জটে অনিশ্চিত হয়ে পড়ে। সেই পরিস্থিতিতে মনিরুল ইসলাম কংগ্রেসের হয়ে মনোনয়ন জমা দেন।
এরপরই সামসেরগঞ্জের জনসভা থেকে সরাসরি হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট জানিয়ে দেন, মনোনয়ন প্রত্যাহার না করলে দল থেকে বহিষ্কারের পথে হাঁটা হবে। সেই কড়া বার্তার পরই দ্রুত সিদ্ধান্ত বদলে নেন মনিরুল।