পুবের কলম,ওয়েবডেস্কঃ এটা ‘হিন্দু রাষ্ট্র’। এখানকার বাসিন্দারা সকলেই হিন্দু। ফের এমন মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুক্রবার সঙ্ঘ প্রধান মোহন ভাগবত বলেন, ‘ইন্ডিয়া’ না বলে এই দেশকে ভারত বলা উচিত। নাগপুর এবং অসমের দুই পৃথক অনুষ্ঠানে ভাগবত বলেন, ভারতীয়রা হিন্দু। আর হিন্দুরা সকলেই ভারতীয়।
আরও পড়ুন:
শুক্রবার নাগপুরে ‘তরুণ ভারত’নামে একটি দৈনিকের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঙ্ঘ প্রধান ভাগবত। মঞ্চ থেকে ভারতকে হিন্দুরাষ্ট্র বলে দাবি করেই ক্ষান্ত হননি তিনি।
একই সঙ্গে বলেছেন, হিন্দুস্থান মানে হচ্ছে হিন্দু রাষ্ট্র। আর এটা ধ্রুব সত্য। । আদর্শগতভাবে, সমস্ত ভারতীয় হিন্দু। হিন্দু মানেই ভারতীয়। যারা আজ ভারতে আছেন তারা সকলেই হিন্দু সংস্কৃতির সঙ্গে জড়িত। তাদের সকলেরই পূর্বপুরুষ হিন্দু। তারা সকলেই এই হিন্দু ভূখণ্ডের বাসিন্দা। দুনিয়া জুড়ে হিন্দুত্বের কদর বেড়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, ‘সকলেই এই সার বিষয়টি বুঝতে পেরেছেন। কিন্তু অনেকেই এটা অস্বীকার করেন। দীর্ঘদিনের অভ্যাসবশত নিজেদের হিন্দু বলে পরিচয় দেননা তাঁরা। আবার কেউ কেউ স্বার্থপর। কেউ আবার এখনও বুঝতেই পারেননি তাঁরা হিন্দুরাষ্ট্রের অন্তর্ভুক্ত।’ মন্তব্য মোহন ভাগতের। ‘ইন্ডিয়া’ র বৈঠকের দিন ভাগবতের এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলছেন অনেকে। কেউ কেউ আবার বলছেন এ আর নতুন কী! ঘোষণাটাই যা বাকি। দেশ যে হিন্দু রাষ্ট্রের দিকে যাচ্ছে তা বুঝতে বাকি নেই কারও।আরও পড়ুন:
দেশের একাংশ এই হিন্দুত্বকে স্বীকার করে না বলেও ক্ষোভ প্রকাশ করেন সঙ্ঘ প্রধান। তিনি বলেন, না মানাকে তারা অভ্যাসে পরিণত করেছেন । সেই সঙ্গে তাঁদের স্বার্থপর বলেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। দৈনিক সংবাদপত্রের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকতার ধরণ নিয়েও মুখ খুলতে দেখা গেছে আরএসএস প্রধানকে। তাঁর মতে, ভাল ও মন্দ সমস্ত ধরনের খবরকে পাঠকের সামনে পরিবেশন করা উচিত।