পুবের কলম,ওয়েবডেস্ক: ভাই শাহরুখকে হারিয়ে জয়ী হলেন দাদা খোকন খান। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর-১ ব্লকের রসুলপুরের তৃণমূলের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন খোকন খান। ভাই শাহরুখ খান দাঁড়িয়েছিলেন সিপিএমএর প্রার্থী হয়ে। তবে শেষ হাসি হাসলেন দাদা খোকন। গণনার পর জয়ী হওয়ার খবর মিলতেই কান্নায় ভেঙে পড়েন গণনাকেন্দ্রের অভ্যন্তরে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, একই বুথে ভিন্ন ভিন্ন দলের প্রার্থী হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন ভাই শাহরুখ খান ও দাদা খোকন খান। দুই জনই নিজেদের জিত নিয়ে নিশ্চিত ছিল। তবে জিতেছেন দাদা খোকন।

গণনা শেষে সংবাদমাধ্যমে তিনি জানান, এই জয়  আমাদের মা মাটি মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়।
আমরা উন্নয়ন করেছি। কাজ করেছি। মানুষের বিশ্বাস অর্জন করেছি। তার ফল পেয়েছি এই নির্বাচনে। ভবিষ্যতে আমি আরও চেষ্টা করব ভালো করে কাজ করার। উন্নয়ন আনার।