পুবের কলম, ওয়েবডেস্ক: ইসলামি বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান এবং তার দুই সঙ্গীকে আদালতের কাঠগড়ায় হাজির করেছে পুলিশ। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন মহানগর কোতোয়ালি আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা হাফিজুর রহমান। কোর্ট ইন্সপেক্টর নাজমুল ইসলাম জানান, রংপুর মেট্রোপলিটন ডিবি কার্যালয় থেকে রাত সাড়ে ৯টার দিকে তাদের আদালতে নিয়ে আসা হয়। মেট্রোপলিটন জুডিশিয়াল আদালতের বিচারক কেএম হাফিজুর রহমানের সামনে তিনি জবানবন্দি প্রদান করেন।
আইনি প্রক্রিয়া শেষে এদিনই তাকে পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।আরও পড়ুন:
আবু ত্বহা নিখোঁজ হওয়া নিয়ে জনমনে এখনো নানা রহস্য ও প্রশ্ন রয়ে গেছে। এই বিষয়ে রংপুর কোতোয়ালি থানার এসআই এরশাদ হোসেন জানান, শুক্রবার দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকা থেকে এই ইসলামি বক্তাকে উদ্ধার করা হয়। এরপর বিকেলের দিকে রংপুরের আবহাওয়া অফিস সংলগ্ন মাস্টারপাড়ায় ত্বহার শ্বশুর আজহারুল ইসলামের বাড়ি থেকে পুলিশ তাকে নিয়ে আসে।
তবে স্থানীয় এক বাসিন্দার দাবি, শুক্রবার দুপুর ১২টার দিকেও তিনি মাস্টারপাড়ায় তাকে দেখেছিলেন, কিন্তু তখন তিনি সম্পূর্ণ নীরব ছিলেন।আরও পড়ুন:
উল্লেখ্য যে, গত ১০ জুন থেকে চার সহযোগীসহ নিখোঁজ হয়ে গিয়েছিলেন আলোচিত বক্তা আবু ত্বহা। সেই সময় থেকে তারা কোথা থেকে কীভাবে নিখোঁজ হলেন, সে সম্পর্কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্পষ্ট কোনো তথ্য দিতে পারছিল না। সাত দিন নিখোঁজ থাকার পর অবশেষে তার খোঁজ মেলে। গত বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে রংপুর ফেরার পথে আবু ত্বহা তার দুই সহকর্মী ও গাড়ির চালকসহ নিখোঁজ হন। এই ঘটনায় তার স্ত্রী সাবেকুন নাহার সংবাদ সম্মেলন করে তার স্বামীসহ সঙ্গীদের সন্ধানের দাবি জানিয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর কাছে তাদের উদ্ধারের আকুতি জানান।