পুবের কলম ওয়েব ডেস্কঃ রাজ্যবাসীর জন্য বড় ঘোষণা রেল মন্ত্রকের। খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে বুলেট ট্রেন পরিষেবা চালুর পরিকল্পনার কথা ঘোষণা করলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, প্রকল্প বাস্তবায়িত হলে মাত্র ৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি পৌঁছতে পারবেন যাত্রীরা। নবান্নে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন তিনি। রেলমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রস্তাবিত বুলেট ট্রেনটি দিল্লি, লখনউ, বেনারস ও পাটনা হয়ে শিলিগুড়িতে পৌঁছবে।
পাশাপাশি আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গে আরও ৬০টি নতুন ট্রেন চালুর আশ্বাসও দেওয়া হয়েছে।আরও পড়ুন:
নবান্নে এদিন রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে রাজ্যের মন্ত্রী ও বিধায়করাও উপস্থিত ছিলেন। বৈঠকের পর রেলমন্ত্রী অভিযোগ করেন, আগের রাজ্য সরকারের আমলে বিভিন্ন রেল প্রকল্পে প্রয়োজনীয় অনুমতি না মেলায় বহু উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন আটকে ছিল। তাঁর বক্তব্য, এখন সেই বাধা কাটিয়ে পশ্চিমবঙ্গে দ্রুত গতিতে রেল পরিকাঠামোর উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া হবে।
কলকাতা মেট্রোর সম্প্রসারণ নিয়েও পরিসংখ্যান তুলে ধরেন অশ্বিনী বৈষ্ণব। তাঁর দাবি, ১৯৭২ সালে মেট্রোর কাজ শুরু হওয়ার পর যেখানে মাত্র ২৮ কিলোমিটার মেট্রোপথ নির্মিত হয়েছিল, সেখানে গত ১২ বছরে আরও ৪৫ কিলোমিটার পথ যুক্ত হয়েছে। এছাড়া বাংলায় ইতিমধ্যেই ৯টি বন্দে ভারত, ১টি বন্দে ভারত স্লিপার এবং ১৩টি অমৃত ভারত ট্রেন চালু রয়েছে বলেও জানান তিনি।আরও পড়ুন:
রেলমন্ত্রীর আরও ঘোষণা, রাজ্যের ১০২টি স্টেশনের আধুনিকীকরণ ও পুনর্নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০টি স্টেশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।অন্যদিকে বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ভবিষ্যতে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাকে রেল মানচিত্রের সঙ্গে আরও শক্তভাবে যুক্ত করা হবে। তাঁর দাবি, আগামী দিনে রাজ্যে প্রায় ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে, যা রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিকে নতুন গতি দেবে।