পুবের কলম ওয়েব ডেস্ক: এতদিন ট্রেনে করে হায়দরাবাদ থেকে চেন্নাইয়ে পৌঁছতে সময় লেগে যেত প্রায় ১২ ঘণ্টা। ফলে সকালে হায়দরাবাদে ব্রেকফাস্ট সেরে চেন্নাই গিয়ে লাঞ্চ করা সম্ভব ছিল শুধু বিমানযাত্রায়। কিন্তু এবার সেই ছবিই বদলাতে চলেছে। দেশের হাই স্পিডের রেল প্রকল্পে আরও এক বড় পদক্ষেপের ইঙ্গিত দিল কেন্দ্র। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দক্ষিণ ভারতেও চালু হতে পারে বুলেট ট্রেন পরিষেবা।
আরও পড়ুন:
প্রস্তাবিত এই উচ্চগতির রেলপথ চালু হলে হায়দরাবাদ থেকে চেন্নাই, বেঙ্গালুরু এবং পুণের মতো গুরুত্বপূর্ণ শহরের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। যাত্রার সময় যেমন অনেকটাই কমবে, তেমনই ব্যবসা, শিক্ষা, পর্যটন ও কর্মক্ষেত্রের ক্ষেত্রেও মিলবে বড় সুবিধা। পরিকল্পনা অনুযায়ী, বুলেট ট্রেনে হায়দরাবাদ থেকে চেন্নাই পৌঁছতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা ৫৫ মিনিট। বর্তমানে ট্রেনে এই পথ পেরোতে ১২ ঘণ্টারও বেশি সময় লাগে। ফলে দীর্ঘ সফরের ঝক্কি অনেকটাই কমে যাবে।
শুধু তাই নয়, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যেতেও সময় লাগবে প্রায় ২ ঘণ্টা ৮ মিনিট। বর্তমানে যেখানে এই যাত্রায় প্রায় ৮ ঘণ্টা সময় লেগে যায়, সেখানে বুলেট ট্রেন চালু হলে কয়েক ঘণ্টার মধ্যেই গন্তব্যে পৌঁছে যাওয়া সম্ভব হবে। এতে বিমানের মতো দ্রুত যাতায়াতের সুবিধা মিললেও খরচ তুলনামূলক কম হতে পারে বলেই মনে করা হচ্ছে।আরও পড়ুন:
এই উচ্চগতির রেল করিডর গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার প্রায় ১৬ লক্ষ কোটি টাকা খরচের পরিকল্পনা করেছে। খুব শীঘ্রই জমি অধিগ্রহণের কাজও শুরু হতে পারে বলে জানা গিয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দক্ষিণ ভারতের পরিবহণ ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হতে পারে।