পশ্চিম এশিয়ায় ইরান, আমেরিকা ও ইজরায়েলকে ঘিরে তৈরি হওয়া যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবার সরাসরি পড়তে শুরু করেছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে। তারই প্রভাব দেখা গেল রান্নার গ্যাসের দামে। শুক্রবার গভীর রাতে রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় ৬০ টাকা বাড়িয়েছে কেন্দ্র। ফলে কলকাতায় একটি গ্যাস সিলিন্ডারের দাম দাঁড়াল ৯৩৯ টাকা। পাশাপাশি বাণিজ্যিক গ্যাসের দামও বাড়ানো হয়েছে ১১৪ টাকা ৫০ পয়সা। দাম বৃদ্ধির পাশাপাশি গ্যাস বুকিং এবং সরবরাহ নিয়েও নতুন নিয়ম চালু হয়েছে বলে জানা যাচ্ছে।

সাধারণত গ্যাস বুকিং করার এক-দু’দিনের মধ্যেই সিলিন্ডার বাড়িতে পৌঁছে যেত। কিন্তু বর্তমানে অনেক জায়গায় চার থেকে ছ’দিন পর্যন্ত সময় লাগছে। পরিস্থিতি আরও জটিল হলে ভবিষ্যতে এই সময় আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন গ্যাস পরিবেশকদের একাংশ। সূত্রের খবর, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, একটি সিলিন্ডার সরবরাহের পর অন্তত ২১ দিনের আগে সেই গ্রাহকের নতুন বুকিং গ্রহণ করা যাবে না। এই নতুন নিয়ম চালু হলে অনেক পরিবার সমস্যায় পড়তে পারে। কারণ, ২১ দিনের আগেই যদি গ্যাস শেষ হয়ে যায়, তাহলে নতুন সিলিন্ডার পাওয়া কঠিন হয়ে যাবে।
জানা গিয়েছে, ইন্ডেন ও ভারত গ্যাসের ক্ষেত্রে সিলিন্ডার বুকিংয়ের ন্যূনতম সময়সীমা ২১ দিন করা হয়েছে। অন্যদিকে এইচপি গ্যাসের ক্ষেত্রে একটি সিলিন্ডার থাকলে ২১ দিন এবং দুটি সিলিন্ডার থাকলে ৩০ দিন পর বুকিং করা যাবে। তেল সংস্থাগুলির ব্যবস্থাও সেই অনুযায়ী পরিবর্তন করা হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া গ্যাস বুকিংয়ের ক্ষেত্রেও কিছু নতুন নিয়ম কার্যকর হয়েছে। এখন গ্যাস অফিস বা পরিবেশকের কাছে গিয়ে সরাসরি বুকিং করা যাবে না। গ্রাহকদের অনলাইন পদ্ধতি, মিসড কল বা স্বয়ংক্রিয় ফোন ব্যবস্থার মাধ্যমে বুকিং করতে হবে।
এর মধ্যেই আরও একটি সমস্যার মুখোমুখি হচ্ছেন অনেক গ্রাহক। যাঁদের পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি, তাঁদের ক্ষেত্রে সিলিন্ডার সরবরাহ আটকে দেওয়া হচ্ছে। অনেক সময় রসিদ তৈরি হলেও বাস্তবে সিলিন্ডার দেওয়া হচ্ছে না। এমনকি কিছু ক্ষেত্রে সিলিন্ডার বাড়িতে এনে আবার ফিরিয়ে নিয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। যদিও পরিবেশক সংগঠনের পক্ষ থেকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সংগঠনের এক কর্তা বিজনবিহারী বিশ্বাস জানিয়েছেন, বর্তমানে পর্যাপ্ত গ্যাস মজুত রয়েছে এবং সরবরাহে বড় ধরনের সমস্যার সম্ভাবনা নেই। তবে তিনি সকল গ্রাহককে যত দ্রুত সম্ভব পরিচয় যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করার অনুরোধ জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কোনও সমস্যায় না পড়তে হয়।