সকালের ব্যস্ত সময়েই ভয়াবহ অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল বিহারের সাসারাম রেলস্টেশনে। সোমবার ভোরে পাটনাগামী একটি প্যাসেঞ্জার ট্রেনের কোচে আচমকাই আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা স্টেশন চত্বর। প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক।
আরও পড়ুন:
রেল সূত্রে জানা গিয়েছে, সাসারাম-পাটনা ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি সকাল প্রায় ৬টা নাগাদ প্ল্যাটফর্ম নম্বর ৬ থেকে ছাড়ার কথা ছিল। তার ঠিক আগেই একটি কোচ থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সেই কোচে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী, রেল পুলিশ এবং উদ্ধারকারী দল।
দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে আগুনে ট্রেনটির একটি কোচ সম্পূর্ণভাবে পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত কোচটিকে আলাদা করার কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। পাশাপাশি ট্রেনটির বাকি অংশের নিরাপত্তা পরীক্ষা করে পরে সেটিকে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হবে বলে জানিয়েছে রেল।