নিউ ইয়র্ক, ১১ মে: রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন দিল ইউএন-এর সাধারণ পরিষদ। শুক্রবার অনুষ্ঠিত এক ভোটাভুটিতে এই প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবে ফিলিস্তিনকে রাষ্ট্রসংঘের যোগদানের যোগ্য বলে স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি নিরাপত্তা পরিষদকে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সুপারিশ করা হয়েছে। ফিলিস্তিন বর্তমানে রাষ্ট্রসংঘের পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে স্বীকৃত।

শুক্রবার রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে ১৯৩টি দেশের মধ্যে ১৪৩টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য করার পক্ষে ভোট দিয়েছে। ৯টি দেশ বিপক্ষে ভোট দিয়েছে। এরমধ্যে অন্যতম ইসরাইল। ভোটের আগে সাধারণ পরিষদের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উদ্দেশে রাষ্ট্রসংঘের ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, 'পক্ষে ভোট দেওয়াই হবে এই মুহূর্তের সঠিক কাজ।

আপনারা এই অন্ধকারময় সময়ে ন্যায়বিচার, শান্তি ও স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছেন বলে গর্বিত হবেন।'

 

প্রসঙ্গত, ২০১১ সালে ফিলিস্তিন রাষ্ট্রটি রাষ্ট্রসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করে। কিন্তু নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য দেশের সবার সমর্থন না থাকায় তা এখনও গ্রহণ হয়নি। গাজায় ইসরাইলি আগ্রাসনের মধ্যে গত মাসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেয়ার বিষয়ে ভোটাভুটি হয়। বরাবরের মতো তাতে ভেটো দেয় যু্ক্তরাষ্ট্র। কিন্তু নিরাপত্তা পরিষদের ১২টি সদস্য দেশ ওই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, যার মধ্যে ছিল ফ্রান্স, জাপান ও দক্ষিণ কোরিয়া। যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড এতে ভোট প্রদানে বিরত থাকে।