পুবের কলম, ওয়েবডেস্ক: ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে এবার কড়া সতর্কবার্তা দিল তুরস্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের ওপর মার্কিন হামলা হলে তা হবে মারাত্মক ভুল। এই পরিস্থিতিতে সংঘাত নয়, কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজার আহ্বান জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
আরও পড়ুন:
একই সঙ্গে ইরানকে উদ্দেশ করে ফিদান বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে আস্থা তৈরি করাও তেহরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেশী রাষ্ট্রগুলো ইরানকে কী চোখে দেখছে, সেদিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। কারণ, এই অঞ্চলে সবাইকে একসঙ্গেই থাকতে হবে—কেউ কোথাও চলে যাচ্ছে না।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি আবারও পুনর্ব্যক্ত করেছেন। তাঁর এমন বক্তব্যে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এর পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যেকোনো সম্ভাব্য হামলার জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক ও শক্তিশালী প্রতিক্রিয়া জানানো হবে।আরও পড়ুন:
সব মিলিয়ে, ইরানকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে তুরস্কের সংযম ও কূটনীতির আহ্বান নতুন করে আলোচনার পথ খুলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।