পুবের কলম, ওয়েবডেস্ক: প্রধান বিচারপতি সূর্য কান্তের যুবসমাজকে নিয়ে করা এক মন্তব্যের প্রেক্ষিতে তৈরি হওয়া ব্যঙ্গাত্মক ডিজিটাল আন্দোলন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র এক্স অ্যাকাউন্ট বন্ধের ঘটনায় এবার তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। এক্স হ্যান্ডেলে এই প্রতীকী দলের অ্যাকাউন্ট স্থগিত করার সরকারি সিদ্ধান্তকে “বিপর্যয়কর এবং অত্যন্ত অবিবেচকের মতো কাজ” বলে আখ্যা দিয়েছেন তিনি। থারুরের মতে, যুবসমাজের নিজেদের অনুভূতি ও ক্ষোভ প্রকাশের জন্য একটি নির্দিষ্ট মাধ্যমের প্রয়োজন রয়েছে। পাশাপাশি, মাত্র কয়েকদিনের ব্যবধানে ‘ককরোচ জনতা পার্টি’-র এই উল্কাবেগী উত্থান তাঁকে “দারুণভাবে কৌতুহলী” করে তুলেছে বলেও জানান এই বর্ষীয়ান কংগ্রেস নেতা।
আরও পড়ুন:
আইনি নোটিশের জেরে ভারতে ককরোচ জনতা পার্টির দুই লক্ষাধিক ফলোয়ার বিশিষ্ট এক্স অ্যাকাউন্টটি ব্লক করার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সেন্সরশিপ নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
এই অ্যাকাউন্টটি পুনরায় চালু করার দাবি জানিয়ে শশী থারুর এক্স-এ লেখেন, “আমি দেশের যুবসমাজের হতাশাটা বুঝতে পারছি এবং কেন তারা এই পেজের সাথে নিজেদের মেলাতে পারছে, সেটাও স্পষ্ট। আর ঠিক এই কারণেই এক্স-এ এই অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া চরম বিপর্যয়কর এবং গভীর অবিবেচকের মতো কাজ। তরুণদের নিজেদের অনুভূতি প্রকাশের একটা জায়গা থাকা উচিত। তাই এটি বন্ধ না করে সিজেপি-র অ্যাকাউন্টটিকে কাজ করতে দেওয়া হোক!” কংগ্রেস নেতার কথায়, “গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্নমত প্রকাশ, হাস্যরস, ব্যঙ্গ এবং এমনকি জমে থাকা হতাশা উগরে দেওয়ার জন্য একটি নির্দিষ্ট আউটলেট বা মাধ্যমের থাকা অত্যন্ত জরুরি।”আরও পড়ুন:
তিনি আশা প্রকাশ করেন, এই প্রচারণার পেছনে থাকা তরুণরা তাঁদের এই ক্ষোভ ও শক্তিকে মূলধারার রাজনীতিতে ইতিবাচকভাবে ব্যবহার করার পথ খুঁজে পাবেন। কংগ্রেস সাংসদ বলেন, “আমি এই আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে নিশ্চিত নই, তবে আশা করি এর পেছনের যুবকেরা এই শক্তিকে মূলধারার রাজনীতিতে নিয়ে আসার পথ খুঁজে পাবে। অথবা নিজেদের ভোটের মাধ্যমে তাঁরা পরিবর্তনের পক্ষে আওয়াজ তুলবে— যাতে কোনওভাবেই তাঁদের আর উপেক্ষা করা না যায়।”
আরও পড়ুন:
সোশ্যাল মিডিয়ার এই ভাইরাল ট্রেন্ডকে হালকাভাবে না নিয়ে দেশের সমস্ত বিরোধী দলগুলিকে এক গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন শশী থারুর। তিনি স্পষ্ট ভাষায় জানান, দেশের তরুণ প্রজন্মের এই স্বতঃস্ফূর্ত ক্ষোভ ও আবেগকে মূলধারার রাজনীতিতে নিজেদের দিকে টেনে আনার জন্য বিরোধী দলগুলির এখনই সচেষ্ট হওয়া উচিত। থারুর লেখেন, “এটি এমন একটি সুযোগ যা বিরোধী দলগুলির অবশ্যই লুফে নেওয়া উচিত।”