পুবের কলম ওয়েবডেস্ক :
বাংলাদেশের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ করেন এক আইনজীবী।
টিভিনাইনবাংলার প্রতিবেদনে বলা হয়, আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ড প্রসঙ্গে মন্তব্য করেন, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ওই বক্তব্যে তিনি পরোক্ষভাবে বিষয়টি তুলে ধরেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামও উল্লেখ করেন বলে অভিযোগে দাবি করা হয়।
অভিযোগকারীর দাবি, এ ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্ক ও জাতীয় নিরাপত্তার জন্য সংবেদনশীল পরিস্থিতি তৈরি করতে পারে। সেই কারণেই সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, ওই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, বাংলাদেশে একটি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের পশ্চিমবাংলার সীমান্ত এলাকা দিয়ে প্রবেশের পর রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। তিনি এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথোপকথনের কথাও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় সব তথ্য প্রকাশ করা হয়নি এবং ভবিষ্যতে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, ওসমান হাদি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হবেন বলে ঘোষণা করেছিলেন। গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং এভারকেয়ার হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়, যেখানে ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় বাংলাদেশে একটি হত্যা মামলা চালু রয়েছে। অন্যদিকে এ ঘটনাকে ঘিরে শিলিগুড়িতে দায়ের হওয়া এফআইআরকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার সূত্রপাত হয়েছে।