পুবের কলম, ওয়েবডেস্ক:  আন্তর্জাতিক সংস্থা স্টাটিশটা তাদের ওয়েবসাইটে যে বাৎসরিক রিপোর্ট প্রকাশ করেছে তাতে দেখানো হয়েছে বীফ রফতানিতে ভারত বিশ্বে দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে ব্রাজিল। তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে আমেরিকা ও অস্ট্রেলিয়া ।

ওই রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালে ভারত থেকে ১৪ লক্ষ ৭৫ হাজার টন বীফ রফতানি হয়েছে। ব্রাজিলের পরিমাণ ৩০ লক্ষ টন।

আর আমেরিকার ১৪ লক্ষ ২২ হাজার টন। ২০২২ সালের মার্চ পর্যন্ত ভারত রফতানি করেছিল ১১ লক্ষ ৭৫ হাজার টন গবাদি পশুর মাংস। বিশ্বের বিভিন্ন দেশে বীফ বলতে গরুর মাংসকে বোঝায়, কিন্তু ভারতে গরুর সঙ্গে মোষের মাংসকেও বীফ আখ্যা দেওয়া হয়।

তবে এই ১৪ লক্ষ ৭৫ হাজার টনের মধ্যে কতটা গরুর আর কত পরিমাণ মোষের, সেটা আলাদা করে জানানো হয়নি। অবশ্য ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই ও গরুর মাংস বিক্রি আইনত দণ্ডনীয় কাজ। তাই বীফ রফতানিতে ভারতের এই সাফল্য নিয়ে সেভাবে হইচই করতে নারাজ কেন্দ্রের বিজেপি সরকার।