বাংলা নববর্ষের দিন বাঙালিয়ানা দেখাতে বিজেপির একাধিক নেতা-প্রার্থীকে মাছ হাতে প্রচারে নামতে দেখা গেলেও, তাতে তীব্র কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ বক্তব্য, “হাতে মাছ নিলেই কেউ বাঙালি হয়ে যায় না।”
আরও পড়ুন:
বুধবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিষ্ণুপুর ও বজবজে নির্বাচনী কর্মসূচিতে অংশ নিয়ে বিজেপির এই ‘বাঙালি সাজা’র রাজনীতিকে নিশানা করেন অভিষেক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিজেপির নেতারা বাঙালির সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও ঐতিহ্যকে অপমান করেছেন।
অথচ ভোটের মুখে সেই তারাই এখন ধুতি-পাঞ্জাবি পরে হাতে রুই-কাতলা নিয়ে বাংলার মানুষের মন জয়ের চেষ্টা করছেন।আরও পড়ুন:
অভিষেকের অভিযোগ, বিজেপি একদিকে বাঙালির খাদ্যাভ্যাস নিয়ে কটাক্ষ করেছে, অন্যদিকে ভোটের স্বার্থে এখন মাছ হাতে নিয়ে বাঙালিয়ানা দেখানোর ভান করছে। তাঁর কথায়, “মাছ হাতে নিলেই বাঙালি হওয়া যায় না, বাঙালিকে সম্মান করতে জানতে হয়।” তিনি আরও স্মরণ করিয়ে দেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙা থেকে শুরু করে বাংলার সংস্কৃতিকে বারবার আঘাত করেছে বিজেপি।
আরও পড়ুন:
এদিন বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিষেক দাবি করেন, বাংলার মানুষ সব বুঝে গিয়েছে এবং ভোটের ফলেই তার জবাব দেবে। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “বৈশাখ মাস শেষ হওয়ার আগেই বিজেপি ভোকাট্টা হয়ে যাবে।”
আরও পড়ুন:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলেন, “বুকের পাটা থাকলে ৪ মে বাংলায় থাকুন, বাংলার মানুষ কী জবাব দেয় দেখে যান।” তাঁর দাবি, বাংলায় বিজেপির পরাজয় নিশ্চিত, আর ফল প্রকাশের দিনই তা স্পষ্ট হয়ে যাবে।