পুবের কলম, ওয়েব ডেস্ক: ফের ভয়াবহ ঘটনা ওড়িশায়। এবার কিশোরীর গায়ে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতিরা। বর্তমানে ভুবনেশ্বর এইমসসে চিকিৎসাধীন নির্যাতিতা। অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন নির্যাতিতা। সেই সময় বায়াবার গ্রামে তিনজন দুর্বৃত্ত মেয়েটির গায়ে আগুন লাগিয়ে দেয়।
গুরুতর অবস্থায় মেয়েটিকে ভুবনেশ্বরের এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার ৭০% পুড়ে গেছে। এদিন সকাল ৯টার দিকে বালঙ্গা থানা এলাকার বায়াবার গ্রামে ঘটনাটি ঘটে।
এই প্রেক্ষিতে নারী ও শিশু উন্নয়ন বিভাগের দায়িত্বে থাকা উপ-মুখ্যমন্ত্রী প্রভাতী পারিদা জানিয়েছেন, নির্যাতিতার চিকিৎসার খরচ সরকার বহন করবে এবং পুলিশকে যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীদের গ্রেফতার করতে বলা হয়েছে।
মেয়েটিকে আগুন ধরিয়ে দেওয়ার পর দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনা চাউর করতে পেরেই এগিয়ে আসেন স্থানীয়রা। স্থানীয়রা আগুন নেভায় এবং পরে তাকে পিপিলি সরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে ভুবনেশ্বরের এইমস-এ স্থানান্তরিত করা হয়। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুরীর পুলিশ সুপার পিনাক মিশ্র জানিয়েছেন, পুলিশ তদন্ত শুরু করেছে এবং কিছু লোককে জিজ্ঞাসাবাদ করছে। যদিও এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।




























