পুবের কলম ওয়েব ডেস্ক: ব্রিটিশ রাজপরিবারে নতুন আনন্দের উপলক্ষ তৈরি হয়েছে। রাজা তৃতীয় চার্লসের ভাগ্নে পিটার ফিলিপস দীর্ঘদিনের সঙ্গী হ্যারিয়েট স্পার্লিংকে বিয়ে করেছেন। শনিবার ইংল্যান্ডের গ্লুচেস্টারশায়ারের কেম্বলে অবস্থিত অল সেন্টস চার্চে ঘরোয়া পরিবেশে তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়।

৪৮ বছর বয়সী পিটার ফিলিপস রাজকুমারী অ্যান ও ক্যাপ্টেন মার্ক ফিলিপসের ছেলে। তিনি ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকার তালিকায় ১৯তম স্থানে রয়েছেন।

তার নববধূ হ্যারিয়েট স্পার্লিং পেশায় একজন নার্স। জানা গেছে, তাদের পরিচয়ের সঙ্গে কেম্বল গ্রামের বিশেষ সম্পর্ক থাকায় ওই চার্চকেই বিয়ের জন্য বেছে নেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। এছাড়া ব্রিটিশ রাজপরিবারের আরও কয়েকজন সদস্য বিয়েতে যোগ দেন। চার্চের বাইরে বহু মানুষ নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে ভিড় করেন।

প্রিন্স উইলিয়াম ও ক্যাথরিন সেখানে পৌঁছালে উপস্থিত জনতার উচ্ছ্বাসও চোখে পড়ে।

পিটার ফিলিপসের এটি দ্বিতীয় বিয়ে। ২০২০ সালে প্রথম স্ত্রী অটাম কেলির সঙ্গে বিচ্ছেদের পর ২০২৪ সালে হ্যারিয়েট স্পার্লিংয়ের সঙ্গে তার সম্পর্কের সূচনা হয়। গত বছরের আগস্টে তাদের বাগদানের ঘোষণা দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পর সেই সম্পর্ক পরিণতি পেল বিয়ের মাধ্যমে।
রাজপরিবারের এই বিয়ে নিয়ে ব্রিটেনজুড়ে আগ্রহ দেখা গেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।