পুবের কলম,ওয়েবডেস্কঃ চিনের রোখরাঙানি সত্ত্বেও তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েন নিউ ইয়র্কে পৌঁছেছেন। শনিবার পর্যন্ত প্রেসিডেন্ট নিউ ইয়র্কে থাকবেন। মাঝে তিনি ক্যালিফোর্নিয়া যেতে পারেন। তাইওয়ানের প্রেসিডেন্টের অ্যামেরিকা সফর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে চিন।
চিনের সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, সাই-ইং-ওয়েন যদি মার্কিন কংগ্রেসের স্পিকারের সঙ্গে দেখা করেন, তাহলে তার ফল ভালো হবে না। চিন চরম ব্যবস্থা নেবে বলে হুমকি দেওয়া হয়েছে। ওয়াশিংটনে চিনের রাষ্ট্রদূত পুরো বিষয়টির দিকে নজর রাখছেন বলে জানানো হয়েছে।আরও পড়ুন:
বস্তুত, এর কিছুদিন আগেই মার্কিন কংগ্রেসের তৎকালীন স্পিকার ন্যানসি পেলোসি তাইওয়ান সফর করেছিলেন।
আমেরিকার এত বড় পদাধিকারী এর আগে কখনো তাইওয়ান সফর করেননি। ওই সফর নিয়েও চিন তুমুল ক্ষোভ প্রকাশ করেছিল। তাইওয়ানের উপকূলে সামরিক মহড়া শুরু করে দিয়েছিল। এবারও তারা তেমনই কিছু করতে পারে বলে বিশেষজ্ঞদের একাংশ মনে করছে। চিন তাইওয়ানকে এক চিন নীতির অন্তর্গত করার চেষ্টা করছে। তাইওয়ান এবং হংকংয়ে বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইন বলবৎ করা হয়েছে। তাইওয়ানকে আলাদা দেশের মর্যাদা দিতে তারা নারাজ। কিন্তু তাইওয়ান পশ্চিমা দেশগুলির সমর্থন পায়। তাদের সঙ্গে পৃথক বাণিজ্যিক সম্পর্ক আছে তাইওয়ানের। ক্ষমতায় আসার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, চিন যদি তাইওয়ান আক্রমণ করে, আমেরিকা তাহলে চুপ করে বসে থাকবে না।