পুবের কলম ওয়েব ডেস্কঃ আসন্ন নির্বাচনের জন্য তামিলনাড়ুতে পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার সুপ্রতিম সরকারকে। তবে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তিনি বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।
আরও পড়ুন:
নির্বাচন কমিশন সম্প্রতি একটি নির্দেশিকায় জানিয়েছে, তামিলনাড়ুর তিরুনেলভেলি, অম্বাসমুদ্রম, পালায়মকোট্টাই, নাঙ্গুনেরি এবং রাধাপুরম এলাকায় পুলিশ পর্যবেক্ষক হিসেবে সুপ্রতিম সরকারকে নিয়োগ করা হয়েছে। কিন্তু চিকিৎসাজনিত সমস্যার কথা উল্লেখ করে তিনি ওই দায়িত্ব পালনে অক্ষমতার কথা কমিশনকে জানিয়েছেন বলে সূত্রের খবর। সুপ্রতিম সরকার আগে কলকাতা পুলিশের কমিশনার পদে ছিলেন।
নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রশাসনিক স্তরে বড়সড় রদবদলের অংশ হিসেবে নির্বাচন কমিশন তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেয়। পরে তাঁকে রাজ্য সিআইডি-র অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) পদে দায়িত্ব দেওয়া হয়।আরও পড়ুন:
প্রসঙ্গত, নির্বাচন ঘোষণার পরই রাজ্যের প্রশাসনে একাধিক বড় রদবদল করে নির্বাচন কমিশন। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে বদলি করার সিদ্ধান্তের পর পুলিশ প্রশাসনেও পরিবর্তন আনা হয়। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকেও সরিয়ে দেওয়া হয় সুপ্রতিম সরকারকে।
তিনি গত ৩১ জানুয়ারি ওই পদে যোগ দিয়েছিলেন, কিন্তু ১৬ মার্চ কমিশনের নির্দেশে তাঁকে সরিয়ে দিয়ে তাঁর জায়গায় অজয় কুমার নন্দকে নিয়োগ করা হয়।আরও পড়ুন:
এদিকে সুপ্রতিম সরকারের আগেই পশ্চিমবঙ্গের আরও কয়েকজন প্রশাসনিক আধিকারিককে ভোটের কাজে অন্য রাজ্যে পাঠিয়েছে নির্বাচন কমিশন। ছয় জন আইএএস অফিসারকে তামিলনাড়ুতে দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে রাজ্য সরকারের দুই সচিবও ছিলেন। পরে পশ্চিমবঙ্গের ১৫ জন আইপিএস অফিসারকে তামিলনাড়ু ও কেরলে নির্বাচনী দায়িত্বে পাঠানোর সিদ্ধান্ত জানানো হয়। যদিও শেষ পর্যন্ত পাঁচ জনের ক্ষেত্রে সেই নির্দেশ কার্যকর হয়নি, তবে বাকি দশ জন আইপিএস অফিসারের বদলির নির্দেশ বহাল রাখা হয়েছে।