পুবের কলম ওয়েব ডেস্কঃ কলকাতার রবিনসন স্ট্রিট কান্ডের ছায়া ব্যারাকপুরে। স্বামীর মৃতদেহ ১০ দিন বাড়িতে রেখে দিলেন মহিলা। দুর্গন্ধ যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তারজন্য সুগন্ধিও ব্যবহার করছিলেন মহিলা। শেষে মঙ্গলবার প্রবল দুর্গন্ধ পেয়ে পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ব্যারাকপুরের আনন্দপুরী সেন্ট্রাল রোড এলাকায়। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
আরও পড়ুন:
জানা গিয়েছে, মৃতের নাম শক্তিপদ দেবনাথ (৭০)। স্ত্রী মনীষা দেবনাথের সঙ্গেই থাকতেন ওই বাড়িতে। তবে কয়েকদিন থেকেই বাড়ির বাইরে দেখা যাচ্ছিল না দম্পতিকে। কয়েকদিন পর বাড়ি থেকে দুর্গন্ধ বার হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। পরে দুর্গন্ধের উৎস গিয়ে তারা যা দেখতে পান তাতে অবাক হয়ে যান। তারাই পুলিশে খবর দেন।
পরে পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, ১০ দিন আগে মৃত্যু হয়েছিল ওই বৃদ্ধের। স্থানীয় সুত্রের খবর, শক্তিপদ পেশায় চিকিৎসক ছিলেন। আর তাঁর স্ত্রী মনীষা প্রাক্তন শিক্ষিকা। পুলিশ জানায়, মৃতদেহের পাশেই ছিলেন তাঁর স্ত্রী মনীষা। আর সারা ঘরে ছিল ধূপের গন্ধ। অনুমান করা হচ্ছে, ধূপ দিয়ে মৃতদেহের দুর্গন্ধ আটকানো চেষ্টা করা হয়েছিল। যদিও শেষমেশ দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।আরও পড়ুন:
পুলিশ জানায়, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে টিটাগড় থানার পুলিশ। যদিও কী ভাবে শক্তিপদের মৃত্যু হয়েছে, তা জানতে চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টেই এবিষয়ে স্পষ্টভাবে জানা যাবে। প্রতিবেশী পার্থ পোদ্দার জানান, ঘরের ভিতরে ধূপ বা সুগন্ধী জাতীয় কিছু ব্যবহার করা হয়েছিল। তারফলে প্রথম দিকে দুর্গন্ধ পাওয়া যায়নি। পরে অবশ্য দুর্গন্ধ আটকানো সম্ভব হয়নি।