পুবের কলম ওয়েবডেস্ক: বাংলাদেশে পড়ুয়া আন্দোলন দমাতে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী তথা মুজিব কন্যা শেখ হাসিনা। কবে হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার? দিন গুনছেন নিহতদের পরিবার। জুলাই গণহত্যার বিচার নিয়ে এবার আশ্বাস দিলেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি সাফ জানালেন, অন্তর্বর্তী সরকারের আমলেই হবে জুলাই হত্যাকাণ্ডের বিচার।
সোমবার নারায়ণগঞ্জের হাজীগঞ্জে জুলাই অভ্যুত্থানে জেলার শহীদ ৫৬ জনের স্মরণে স্মৃতিস্তম্ভ উদ্বোধনে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান, মুহাম্মদ ফাওজুল কবির খান, অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার ও রেজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য দিতে গিয়ে নজরুল বলেন, বিচার দ্রুত গতিতে এগিয়ে চলেছে। ৫ আগস্ট এর আগে জুলাই-২৪ ঘিরে সব মামলার চার্জশিট জমা দেওয়ার চেষ্টা চলছে। আর অন্তর্বর্তী সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার কার্যক্রম শেষ করা হবে।আরও পড়ুন:
নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা আরও বলেন, স্থানীয়ভাবে অনেক হত্যাকাণ্ড ও চাঁদাবাজি হচ্ছে। আপনারা জুলাইয়ের মতো ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই চাঁদাবাজদের প্রতিরোধ করতে পারবেন। প্রশাসন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে।