তামিলনাড়ুর রাজনৈতিক মহলে ফের জোর চর্চা শুরু হয়েছে। ডিএমকে নেতা ও সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন দাবি করেছেন, মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়-এর সরকার যে কোনও সময় পড়ে যেতে পারে। দলীয় বৈঠকে কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনের সময়ই তামিলনাড়ুতে ফের বিধানসভা ভোট হতে পারে। তাই এখন থেকেই প্রস্তুত থাকতে হবে।


স্ট্যালিনের কথায়, “এই পরাজয় দীর্ঘস্থায়ী হবে না। বর্তমান সরকার যেকোনও মুহূর্তে ভেঙে পড়তে পারে। তামিলনাড়ুতে সূর্য কখনও অস্ত যাবে না।” উল্লেখ্য, ‘সূর্য’ ডিএমকের দলীয় প্রতীক।

গত বিধানসভা নির্বাচনে ডিএমকের ভরাডুবির পর ১০৭টি আসন নিয়ে বৃহত্তম দল হিসেবে উঠে আসে বিজয়ের দল টিভিকে। পরে কংগ্রেস, সিপিএম, সিপিআই, ভিসিকে ও আইসিএমএল-এর সমর্থনে সরকার গঠন করে তারা। পাশাপাশি আস্থা ভোটে এআইএডিএমকের ২৫ জন বিধায়কের সমর্থনও পেয়েছিল টিভিকে। স্ট্যালিনের দাবি, এআইএডিএমকের বিদ্রোহী বিধায়কদের সদস্যপদ খারিজ হলে সরকার সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে এবং জোটসঙ্গীরাও সমর্থন প্রত্যাহার করতে পারে।


এদিকে মুখ্যমন্ত্রী বিজয়ের একটি সামাজিক মাধ্যমে করা পোস্ট ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। সোমবার তিনি মুল্লিভাইক্কাল হত্যাকাণ্ডের প্রসঙ্গে লেখেন, “সমুদ্রপাড়ে তামিল জাতির অধিকার রক্ষার লড়াইয়ে আমরা সবসময় সংহতি প্রকাশ করব।” 

বিজেপি এই ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী-কে কটাক্ষ করতে ছাড়েনি। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য দাবি করেন, “ক্ষমতার স্বার্থে কংগ্রেসের এসব নিয়ে কোনও আপত্তি নেই।”
তবে টিভিকের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের দাবি, ওই পোস্টটি এলটিটিই নেতা প্রভাকরণকে নয়, বরং মুল্লিভাইক্কালে নিহত তামিল সাধারণ মানুষদের স্মরণ করেই করা হয়েছিল।