কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনা থেকে শুরু করে মা ক্যান্টিন-একাধিক জনমুখী প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, আগামীকাল বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে অন্নপূর্ণা যোজনার ফর্ম। অফলাইন ও অনলাইন- দুই মাধ্যমেই এই ফর্ম পাওয়া যাবে। অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারীদের এই ফর্ম পূরণ করতে হবে।


তিনি আরও জানান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে দ্রুত অন্নপূর্ণা ভাণ্ডারে রূপান্তরের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনকে। যত দ্রুত নাম নথিভুক্ত করা হবে, তত দ্রুত প্রকল্পের সুবিধা মিলবে বলেও জানান মুখ্যমন্ত্রী।

এদিন মা ক্যান্টিন নিয়েও বড় ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, এবার থেকে সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে ৫ টাকায় মাছ-ভাত দেওয়া হবে। সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাবারের ব্যবস্থা আরও বিস্তৃত করতেই এই উদ্যোগ বলে জানিয়েছে রাজ্য সরকার।