পুবের কলম ওয়েব ডেস্কঃ দিল্লিতে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দাদের কাছে এই তথ্য পাওয়ার পরেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানীকে। একাধিক এলাকায় কড়া নজরদারি চালানোর পাশাপাশি দিল্লিতে দীন দয়াল উপাধ্যায় মার্গে অবস্থিত বিজেপির সদর দপ্তর এবং নিকটবর্তী সরকারি দফতরগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এই সমস্ত জায়গায় অতিরিক্ত সশস্ত্র বাহিনী মোতায়েনের পাশাপাশি বিভিন্ন রাস্তা ঘিরে ফেলা হয়েছে ব্যারিকেড দিয়ে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রতিটি গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলা জানা গিয়েছে। 

গোয়েন্দাদের দেওয়া তথ্য অনুযায়ী, আত্মঘাতী হামলার পাশাপাশি গাড়িতে বিস্ফোরক রেখে বিস্ফোরণ অথবা গুলি চালিয়ে জঙ্গি হামলার আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে দিল্লির গুরুত্বপূর্ণ দফতর অথবা জনবহুল এলাকায় জঙ্গিরা হামলা চালাতী পারে বলে আশঙ্কা। গোয়েন্দাদের কাছে সেই তথ্য পাওয়ার পরেই শহরজুড়ে গুরুত্বপূর্ণ সরকারি ভবন, রাজনৈতিক কার্যালয়, বাজার, পরিবহন কেন্দ্র এবং অন্যান্য জনবহুল স্থানে চিরুনি তল্লাশি চালাতে শুরু করেছে নিরাপত্তারক্ষীরা।

এর পাশাপাশি পৌঁছে গিয়েছে, বম্ব ডিসপোজাল স্কোয়াড। স্নিফার ডগ নিয়েও তল্লাশি চালানো হচ্ছে। এদিকে, দমকল বিভাগকেও সতর্ক থাকতে বলা হয়েছে। কাউকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলেই জিজ্ঞাসাবাদ করতে বলা হয়েছে। এছাড়া, পরিত্যক্ত ব্যগ পড়ে থাকলে পুলিশকে খবর দিতে বলা হয়েছে।