দেশজুড়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের আলোচনা চললেও উল্টো পথে হাঁটছে অন্ধ্রপ্রদেশ সরকার। রাজ্যে জন্মহার বাড়াতে এবার অভিনব প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু । নতুন প্রকল্প অনুযায়ী, কোনও দম্পতির তৃতীয় সন্তান জন্মালে সরকার দেবে ৩০ হাজার টাকা। আর চতুর্থ সন্তানের ক্ষেত্রে মিলবে ৪০ হাজার টাকা।
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই অন্ধ্রপ্রদেশে জনসংখ্যা বৃদ্ধির পক্ষে সওয়াল করে আসছেন মুখ্যমন্ত্রী। এবার সরকারি উদ্যোগের ঘোষণা করে তিনি বলেন, “তৃতীয় সন্তানের জন্মের পর ৩০ হাজার টাকা এবং চতুর্থ সন্তানের জন্য ৪০ হাজার টাকা দেওয়া হবে। মানুষকে আরও বেশি সন্তান নিতে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য।”
অন্ধ্রে এই ধরনের উদ্যোগ অবশ্য নতুন নয়।
আরও পড়ুন:
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্য কুমার যাদব জানান, বর্তমানে অধিকাংশ পরিবার এক সন্তানেই সীমাবদ্ধ থাকছে। অনেক ক্ষেত্রে প্রথম সন্তান ছেলে না হলে দ্বিতীয় সন্তানের সিদ্ধান্ত নিচ্ছেন দম্পতিরা। তাঁর কথায়, “মানুষ এখন সন্তানকে দায়িত্ব বা বোঝা হিসেবে ভাবতে শুরু করেছে।
সেই মানসিকতা বদলানো প্রয়োজন।”আরও পড়ুন:
প্রশাসনের দাবি, দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে দীর্ঘদিন ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণে জোর দেওয়ার ফলে জন্মহার উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছে। বর্তমানে দেশে মহিলাপিছু গড় সন্তান জন্মের হার ২.১১ হলেও অন্ধ্রপ্রদেশে তা নেমে এসেছে ১.৫-এ।
আরও পড়ুন:
রাজনৈতিক মহলের মতে, কেন্দ্রের সম্ভাব্য আসন পুনর্বিন্যাসের বিষয়টিও এই সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ কারণ। জনসংখ্যা কম হলে ভবিষ্যতে লোকসভা আসনের সংখ্যা ও রাজনৈতিক প্রতিনিধিত্বে দক্ষিণ ভারতের রাজ্যগুলি পিছিয়ে পড়তে পারে বলেই আশঙ্কা করছে অন্ধ্র সরকার। সেই কারণেই এখন থেকেই জন্মহার বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে।