পুবের কলম, ওয়েবডেস্কঃ বালেশ্বর পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিকপ্টারে করে আসেন তিনি। আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে যাবেন তিনি। দুর্ঘটনাস্থলে ঘুরে দেখবেন মুখ্যমন্ত্রী।

রেলমন্ত্রী বৈষ্ণবের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই ট্রেন দুর্ঘটনার পর উদ্বিগ্ন প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

ওড়িশা সরকারের সঙ্গে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। কাল রাতেই চিকিৎসক ও অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হয়। মানস ভুইয়াঁ ও দোলা সেনের নেতৃত্বে এক প্রতিনিধি দল দুর্ঘটনাস্থলে পৌঁছায়। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, আমরা গতকালই ৪০টা অ্যাম্বুলেন্স পাঠিয়েছি,আজ আবার ৭০টা পাঠিয়েছি।

এদিন সকালেই আসেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

সেইসঙ্গে আজ সকালে দুর্ঘটনাস্থলে আসেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। আহতদের দেখতে হাসপাতালে আসেন তিনি।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। হতা-হতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা প্রশাসনের।

মৃতের সংখ্যা ২৩৮। আহত প্রায় সাড়ে ৬০০- বিবৃতি দিয়ে জানাল ভারতীয় রেল।

শুক্রবার সন্ধ্যায় করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা হয় একটি মালগাড়ি এবং যশবন্তপুর এক্সপ্রেসের। একাধিক বগি লাইনচ্যুত হয়। জানা গিয়েছে করমণ্ডলের লাইনচ্যুত বগিতে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা যশবন্তপুর এক্সপ্রেস।  ইতিমধ্যে দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

রেল দুর্ঘটনার জেরে গোয়া-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রীর ভার্চুয়ালি ওই ট্রেন উদ্বোধন করার কথা ছিল। দুর্ঘটনার কারণে বাতিল হয়েছে একগুচ্ছ দূরপাল্লা ট্রেন। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।