ইরান-মার্কিন  সংঘাত এক মাস ছুঁইছুঁই। এর মধ্যেই বিশ্ব রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছেন ব্রিটেনের গোয়েন্দা সংস্থা এমআই-সিক্স-এর প্রাক্তন প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার। তার মতে, ইসরাইল ও  মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমান যুদ্ধে ইরান বর্তমানে সুবিধাজনক অবস্থানে রয়েছে।
২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত ব্রিটিশ গোয়েন্দা সংস্থাটির নেতৃত্ব দেওয়া ইয়ঙ্গার দ্য ইকোনমিস্ট-এর এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করেছেন।

তার মতে, বাস্তবতা হল, মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধের কাজটিকে ছোট করে দেখেছিল এবং আমার মনে হয় প্রায় দুই সপ্তাহ আগে তারা ইরানের কাছে যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছে।স্যার অ্যালেক্স ইয়ঙ্গার মনে করেন, প্রত্যাশার চেয়েও অনেক বেশি সহনশীলতা দেখাচ্ছে ইরান। তিনি বলেন, বাস্তবে দেখা যাচ্ছে, ইরান সরকার যেকোনও ধারণার চেয়ে বেশি স্থিতিশীল।তার মতে, ইরান গত জুন মাস থেকেই কিছু কৌশলী সিদ্ধান্ত নিয়েছিল।
তারা তাদের সামরিক সক্ষমতা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে এবং অস্ত্র ব্যবহারের ক্ষমতা মাঠপর্যায়ের কমান্ডারদের হাতে ছেড়ে দিয়েছে। ইয়ঙ্গার বলেন, এই সিদ্ধান্তের কারণেই পশ্চিমা বিশ্বের শক্তিশালী বিমান হামলার মুখেও তারা টিকে থাকার সক্ষমতা পেয়েছে।
প্রাক্তন  এই গোয়েন্দা প্রধান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে বলেন, ট্রাম্পের কিছু কথা ইরানকে এটিই বিশ্বাস করতে বাধ্য করেছে যে, এটি তাদের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। ইয়ঙ্গার বলেন, আমেরিকা যেখানে নিজের পছন্দে একটি যুদ্ধে নেমেছে, সেখানে ইরান লড়ছে টিকে থাকার জন্য। এই মানসিকতাই ইরানকে মার্কিন প্রতিপক্ষের চেয়ে বেশি সময় লড়াইয়ে টিকে থাকার শক্তি দিচ্ছে।